২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধমান বিস্ফোরণে আরেক ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে ভারতীয় পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 03:12 AM

Updated : 25 Apr 2022, 01:56 PM

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সহায়তায় মঙ্গলবার বিকেলে ঝাড়খণ্ডের রামগড় জেলা থেকে তরিকুল ইসলাম ওরফে সাদিক ওরফে সুমনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াড।

এনআইএ’র তথ্য অনুযায়ী, ২০১৪ সালের অক্টোবরে বর্ধমান বিস্ফোরণের পর থেকে তরিকুলকে খোঁজা হচ্ছিল এবং তার সন্ধান চেয়ে পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

আনুমানিক ৩০ বছর বয়সী তরিকুল বাংলাদেশি নাগরিক এবং তিনি ঝাড়খন্ড-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী সাহেবগঞ্জ জেলার একটি এলাকায় বসবাস করতেন বলে ভারতীয় গোয়েন্দারা বলছেন। তার খোঁজে সাহেবগঞ্জে অভিযান চালানোর পর তিনি রামগড়ে আত্মগোপন করেন বলে তারা জানিয়েছেন।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হন, যারা জেএমবির একটি শাখার সদস্য বলে ভারতীয় গোয়েন্দোরা বলে আসছেন।

এই বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে বেশ কয়েকজনকে ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝাড়খন্ড পুলিশের মুখপাত্র এসএন প্রধান বলেন, “তিনি (তরিকুল) জেএমবির শীর্ষ সন্ত্রাসীদের একজন এবং তিনিই এই গোষ্ঠীর ঝাড়খন্ড শাখা চালাতেন।”

বুধবার তাকে স্থানীয় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাতে পারে এনআইএ।