গুজরাটের আন্দোলনের নেতা হার্দিক পাটেল আটক
ভারতের গুজরাট থেকে পতিদার আনামত আন্দোলন সমিতির (পিএএএস) নেতা হার্দিক পাটেলকে আটক করেছে সুরাট পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সকালে পাটেল এবং তার অন্তত ৫০ জন সহযোগীকে আটক করা হয়। ওই সময় তারা মনগদ চক এলাকায় ‘একতা র্যালি’র প্রস্তুতি নিচ্ছিল।
ওই র্যালি ‘অননুমোদিত’ বলে দাবি করে পুলিশ তা ভণ্ডুল করে দেয়।
২২ বছর বয়সী হার্দিককে আটকের পর পুলিশ ভ্যানে করে দ্রুত পুলিশের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশের ধরপাকড়ের মধ্যেও পিএএএস’র সমর্থকরা হীরাবাগ এলাকা থেকে সমিতির সহসভাপতি নিখিল পাটেলের নেতৃত্বে আরও একটি র্যালি বের করে। পরে সেখান থেকে নিখিলকে আটক করে পুলিশ।
এদিকে আটক হওয়ার কিছুক্ষণ পরই হার্দিক পুলিশের বিরুদ্ধে তাদের হেনেস্তা করার অভিযোগ তুলে বলেন, তারা একটি শান্তিপূর্ণ র্যালি করতে চেয়েছিলেন।
গুজরাট সরকার ‘সবাইকে হেনেস্তা করছে’ বলেও অভিযোগ তোলেন তিনি।
“আমাদের আন্দোলন সুশৃঙ্খল। যদিও গুজরাট সরকার সহিংসতা উসকে দিতে চাইছে। আমরা রাজ্যের জনগণকে আমাদের সমর্থন করার জন্য অনুরোধ করছি। আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই। আমরা শুধু আমাদের সম্প্রদায়ের জন্য কোটার দাবি করছি।”
গুজরাটে মোট জনসংখ্যার ২০ শতাংশ পাটেল সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের লোকজন মূলত ব্যবসায়ী এবং সমাজে বেশ প্রভাবশালী।
ভারতে অনগ্রসর জাতিগোষ্ঠীর (ওবিসি) জন্য সরকারি কোটা পদ্ধতি বিদ্যমান আছে।
পিএএএস বিক্ষোভকারীদের দাবি, ওবিসি’র কারণে যোগ্যতা থাকার পরও তারা কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সরকারি চাকুরি ও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই তারা পাটেল সম্প্রদায়কেও কোটার অন্তর্ভূক্ত করার দাবি জানাচ্ছে।
এদিকে পিএএএস আন্দোলন বিরোধীরা একই দিন ‘ওবিসি একতা মিছিল’ করতে চাইলে পুলিশ তাদেরও অনুমতি দেয়নি।
পিএএএস নেতাদের আটক করার পর গুজরাটে সর্বোচ্চ সতর্ক অবস্থা বিরাজ করছে।
পুরো রাজ্যে মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে।
পুলিশের মহাপরিচালক পিসি ঠাকুর পিটিআইকে বলেন, “গুজব ছড়িয়ে পড়া রোধ করতে এবং আইন শৃঙ্কলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
