আফগানিস্তানে কারাগারে হামলা, ৩৫০ বন্দিকে নিয়ে গেল তালেবান
আফগানিস্তানের গজনি শহরের বাইরে অবস্থিত একটি কারাগারে হামলা চালিয়ে ৩৫০ বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে তালেবান জঙ্গিরা।
সোমবার ভোরে চালানো এ হামলায় অন্ততপক্ষে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
গজনি প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ আলি আহমাদি জানিয়েছেন, এক জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে কারা ফটক উড়িয়ে দেয়। তারপর অন্যরা কারাগারে প্রবেশ করে।
হামলাকারীরা সুসংগঠিত ছিলেন ও সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছিলেন বলে জানিয়েছেন তিনি।
এ হামলার দায় স্বীকার করেছে তালেবান গোষ্ঠী।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এবং ডেপুটি গভর্নর আহমাদি উভয়েই তিন জঙ্গি নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় চার পুলিশ নিহত হওয়ার পাশাপাশি সাত পুলিশও আহত হয়েছেন বলে জানিয়েছেন আহমাদি।
হামলার পর মাত্র ৮০ জন বন্দি কারাগারটিতে আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
কারাগারে হামলা চালিয়ে তালেবান জঙ্গিরা কাদের মুক্ত করেছে এবং মুক্ত বন্দিদের কোথায় নিয়ে গেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
কারাগারের ভিতর থেকে হামলাকারীরা সহায়তা পেয়ে থাকতে পারে বলে জানিয়েছেন আহমাদি। তিনি আরও জানিয়েছেন, বন্দিদের অধিকাংশই তালেবান জঙ্গি, তাদের সঙ্গে কিছু লঘু অপরাধী ও মাদকাসক্তও ছিলেন।
হামলাকারীরা সেনা বাহিনীর ইউনিফর্ম পরিহিত থাকার কারণে কারাবন্দিরাসহ সেখানে থাকা পুলিশ, কেউই প্রথমে বুঝতে পারেননি কারাগারে প্রবেশকারীরা হামলাকারী তালেবান।
রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরে গজনি শহর। কারাগারটি শহরটি থেকে আরো পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।
২০১১ সালে কান্দাহার শহরে কারাগারের বাইরে থেকে খোঁড়া কয়েকশ মিটারের এক সুড়ঙ্গ দিয়ে প্রায় ৫০০ কারাবন্দি পালিয়েছিলেন। এসব বন্দির অধিকাংশই ছিলেন তালেবান জঙ্গি।
