ভারতে বাজ পড়ে মৃত ৩২
ভারতে অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় বাজ পড়ে কমপক্ষে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্ধ্র প্রদেশের ৭ টি এলাকায় ২৩ জন নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় মারা গেছে ৯ জন এবং আহত হয়েছে ৮ জন।
রোববার প্রচণ্ড বৃষ্টি চলাকালে খামারে কাজ করার সময় বেশির ভাগ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, গুন্টুর, পূর্ব গোদাবরী, প্রকাশম, নেল্লোর, অনন্তপুর এবং শ্রীকাকুলাম জেলায় বাজ পড়ে এ মৃত্যু ঘটেছে।নিহতদের মধ্যে অন্তত ৬ জন নারী।
অল্পের জন্য রক্ষা পেয়েছে অন্ধ্রপ্রদেশের মহিলা ক্রিকেট দল। ওই সময় গুন্টুরের একটি স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মহিলা ক্রিকেটাররা।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে অন্ধ্রের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি হয়। রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিন বৃষ্টি চলবে।
