ট্রেনে ২০ হাজার সিসি ক্যামেরা বসাচ্ছে ভারত
চলন্ত ট্রেনে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ২০ হাজার ট্রেনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
এই কাজে ব্যয় হবে সাতশ কোটি রুপি। চলন্ত বাসে তরুণী ধর্ষণ ও হত্যার ঘটনার পর গঠিত নির্ভয়া তহবিল এ অর্থের যোগান দেবে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
রেলওয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকে নতুন রেললাইন স্থাপন, রেল ওভারব্রিজ ও আন্ডারব্রিজের নির্মাণ এবং যাত্রীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত কাজের গতি দ্রুত করার নিয়েও আলোচনা হয়।”
তবে এর মধ্যে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে।
২০১২ সালের ডিসেম্বরে রাজধানী দিল্লির রাস্তায় চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর ২০১৩ সালে নির্ভয়া তহবিল গঠন করা হয়।
এই তহবিলের অর্থ নারীর সম্মান রক্ষা ও নিরপত্তা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগে সহায়তা করার জন্য ব্যয় করা হয়।
নির্ভয়া তহবিলে এখন পর্যন্ত প্রায় তিন হাজার কোটি রুপি জমা হয়েছে। নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় এই তহবিলের তত্ত্বাবধানে রয়েছে।
নারী ও পুরুষ উভয়ের জন্য নির্ধারিত কম্পার্টমেন্টেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
