২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল-ভারতে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে

নেপালের পশ্চিমাঞ্চল ও ভারতের উত্তরাঞ্চলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 11:01 PM

Updated : 26 Jul 2022, 12:04 PM

ওই অঞ্চলগুলোতে আরও বেশি পর্যবেক্ষণ প্রয়োজন বলে মনে করছেন তারা। ‘নেচার জিওসায়েন্স’ ও ‘সায়েন্স’ জার্নাল নতুন এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন তথ্য উপাত্তে দখা গেছে, নেপালে গত এপ্রিল মাসের সর্বশেষ বিপর্যয়কর ভূমিকম্পে মাটির নীচে তৈরি হওয়া চাপ বা শক্তি পুরোপুরি বের হতে পারেনি। এখন এ শক্তি পশ্চিমের দিক দিয়ে ফুঁসে বেরোতে চাইছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়ান-ফিলিপ বিবিসি’কে বলেন, “ওই এলাকার দিকে মনযোগ দেয়া প্রয়োজন। যদি আজই সেখানে ভূমিকম্প হয় তবে ব্যাপক প্রাণহানি ঘটবে। কারণ ওই এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি।”

“শুধু নেপালের পশ্চিমাঞ্চল নয় বরং ভারতের উত্তরাঞ্চলের গাঙ্গেয় সমভূমিও এই ঝুঁকিতে রয়েছে।”

এপ্রিলে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষ মারা যায়। আহত ও গৃহহীন হয় হাজার হাজার মানুষ ।

ভূঅভ্যন্তরে টেকটনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষের কারণে ওই ভূমিকম্প হয়েছিল। ওই এলাকায় ইন্ডিয়ান টেকটনিক প্লেট বছরে গড়ে ২ সেন্টিমিটার করে উত্তর দিকে এগুচ্ছে এবং ইউরেশিয়া প্লেটকে ক্রামগত ধাক্কা দিচ্ছে।

সব প্লেটেরই একটা পরিসীমা বা বাউন্ডারি থাকে। এই বাউন্ডারিতে ক্রমাগত সংঘর্ষ চলতে থাকে।

নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে কয়েকদশক ধরে প্লেটগুলোর ক্রমাগত ঘর্ষণের ফলে সঞ্চিত শক্তি বেরিয়ে এসে বিপর্যয় ঘটিয়েছে।

এ বছর ক্রমাগত ঘর্ষণের কারণে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের হিমালয় ফল্ট লাইন এলাকা পরষ্পরের সঙ্গে আটকে গেছে। ফলে সেখানে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে, সঞ্চিত হচ্ছে শক্তি, যা বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে বড় ধরনের ভূমিকম্প।

এমনিতেই গত কয়েক দশক ধরে হিমালয় ফল্ট লাইনে চাপ সৃষ্টি হচ্ছিল। এ ফল্ট লাইনের খুব কাছে নেপালের রাজধানী কাঠমান্ডুর অবস্থান।

২৫ এপ্রিলের ভূমিকম্পের মধ্য দিয়ে ওই শক্তির মাত্র সামান্যই বের হতে পেরেছে।

অধ্যাপক ফিলিপ বলেন, “ভূকম্পনের মধ্য দিয়ে আটকে যাওয়া পুরো অংশটি ফেটে সমস্ত শক্তি বেরিয়ে এলে সেটি হবে খুবই বড় ধরনের ভূমিকম্প।”

গবেষকদের ধারণা, ভূঅভ্যন্তরে সঞ্চিত হতে থাকা ওই শক্তির কিছু অংশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। যে অঞ্চলে নেপালের পোখারা ও ভারতের রাজধানী দিল্লির উত্তরাংশ অবস্থিত।

ওই এলাকায় ১৫০৫ সালে বড় ধরনের (৮ দশমিক ৫ মাত্রার) ভূমিকম্প হয়েছিল।

গবেষকরা বলেন, গত পাঁচ শতাব্দীতে সেখানে এরই মধ্যে অনেক চাপ জমা হয়েছে, এটি খুবই চিন্তার বিষয়।

ফিলিপ বলেন, “এ মুহূর্তে নেপালের পশ্চিমাঞ্চল নিয়েই আমরা বেশি উদ্বিগ্ন।”

যদিও আগে থেকে ভূমিকম্পের সতর্কতা জারি করা এক কথায় অসম্ভব। তারপরও ওই এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা।

অধ্যাপক ফিলিপ বলেন, “আমরা লোকজনকে ভয় দেখাতে চাই না। কিন্তু তাদের এ বিষয়ে সচেতন থাকা খুব জরুরি।”

“নেপালে বেশিরভাগ পরিবার কোনো নিয়ম কানুনের পরোয়া না করে বাড়িঘর তৈরি করছে। যদি সম্ভব হয় তবে ওই এলাকায় কম উচ্চতার ভবন নির্মাণ করা উচিত। এতে হয়ত অনেক প্রাণ বাঁচবে।”