এমএইচ৩৭০: নিশ্চয়তার পরও সন্দেহ, ক্ষুব্ধ স্বজনরা
ভারত মহাসাগরীয় ফরাসি দ্বীপ রিইউনিয়নে পাওয়া বিমানের খণ্ডাংশ নিখোঁজ উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর বলে মালয়েশিয়া সরকার পক্ষ থেকে নিশ্চিত করা হলেও ফ্রান্সের বিশেষজ্ঞদের সন্দিহান বক্তব্যে বিমানটির তদন্ত নিয়ে ক্ষুদ্ধ হয়ে পড়েছেন নিখোঁজদের স্বজনরা।
বুধবার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, রিইউনিয়নে পাওয়া বিমানের ডানা নিখোঁজ বিমানটির বলে নিশ্চিত হয়েছেন ফ্রান্সে ওই ধ্বংসাবশেষ পরীক্ষায় নিয়োজিত বিশেষজ্ঞরা।
কিন্তু ফ্রান্সের তদন্তকারীরা বিষয়টি নিশ্চিত না করে কেবল বলছেন, ডানাটি বিমানটির ধ্বংসাবশেষ হওয়ার সম্ভাবনাই বেশি। আর এতেই দেখা দিয়েছে বিপত্তি। দু’পক্ষের এমন মিশ্র বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নিখোঁজ যাত্রীদেরস্বজনরা।
গত বছর মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর উধাও হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এ উড়োজাহাজ। পরে রাডারের তথ্যে বিমানটি নির্দিষ্ট রুট ছেড়ে পুরোপুরি উল্টোদিকে ভারত মহাসাগরেরদিকে চলে যায় বলে ইঙ্গিত মেলে।
সর্বশেষ এক সপ্তাহ আগে প্রত্যন্ত ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এরপর সেই অংশগুলো নিয়ে ফ্রান্সে পরীক্ষা শুরু হয়।
প্রথমদিনের পরীক্ষার পরই মালয়েশিয়া জানায়, তদন্তকারীরা নিশ্চিত যে এ ধ্বংসাবশেষ ফ্লাইট এমএইচ৩৭০ এর। তাছাড়া, পাওয়া যাওয়া ডানার অংশের রং হারিয়ে যাওয়া বিমানটির রংয়ের সঙ্গে মিলে গেছে বলেও জানায় মালয়েশিয়া।
এরই মধ্যে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লিও তিয়ং জানিয়েছেন, ডানা ছাড়া আরো কিছু অংশ দ্বীপটিতে পাওয়া গেছে। সেগুলোর মধ্যে জানালা এবং বসার আসনও আছে। কিন্তু এগুলো এমএইচ৩৭০ এর কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ওগুলো পরীক্ষার জন্য ফ্রান্স কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ফ্রান্সের বিশেষজ্ঞদের মতে, এগুলো হারিয়ে যাওয়া বিমানের অংশ হতে পারে কিন্তু তারা নিশ্চিত নন।
ফ্রান্স এখনো বিমানের খন্ডাংশগুলোকে নিশ্চিত করতে সময় নিচ্ছে- এ বিষয়টিকে অবশ্য যথার্থ বলেই মানছেন মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও। তিনি বলেন, ‘তারা আসলে সময় নিয়ে ঘোষণা দিতে চাইছে।”
কিন্তু বিমানটি নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকতে চায় না নিখোঁজদের স্বজনরা। আর সে কারণেই বিমানটি নিয়ে সংশয়পূর্ণ বক্তব্যের প্রতিবাদে বেইজিংয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বাইরে জড়ো হয় তারা।
স্বজনদের দাবি, ‘১৬ মাস পেরিয়ে যাওয়ার পর আমরা আসলে নিশ্চিত বক্তব্য শুনতে চাই।’
নিখোঁজ এক যাত্রীর বোন বলেন, “ফ্রান্স সতর্ক থাকতে চাইছে। আর মালয়েশিয়া জলদি সমস্যার ইতি টেনে সব দায়দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছে।”
মালয়েশিয়া এখনো বিমান সঙ্কটের সুরাহা করতে না পারায় এবং পরষ্পরবিরোধী তথ্যের কারণে নিখোঁজদের স্বজনরা অনেকদিন থেকেই হতাশ। আর এ কারণে বহু পরিবারই কর্তৃপক্ষের ওপর বিশ্বাস হারিয়েছে।
তারা কি বিশ্বাস করবে আর কি করবে না- তা নিয়ে দ্বন্দে ভুগছে বলে বেইজিং থেকে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।
