পাকিস্তানি জঙ্গিকে আটক করেছে ভারত
গোলোযোগপূর্ণ জম্মু ও কাশ্মিরে সীমান্তরক্ষী বাহিনীর গাড়িবহরে সন্ত্রাসী হামলার পর ভারতীয় বাহিনী পাকিস্তানি এক জঙ্গিকে আটক করেছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এই প্রথম পাকিস্তানের কোনো জঙ্গিকে আটক করল ভারত।
বুধবার ভোরে জম্মু-শ্রীনগর মহাসড়কে দুই জঙ্গি বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গাড়ি বহরে হামলা চালায়। হামলায় দুই বিএসএফ সদস্য নিহত এবং আরো ১১ জন আহত হয়।
হামলাকারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে বিএসএফ এর গাড়িবহরে আক্রমণ চালায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটক জঙ্গির নাম উসমান আলিয়াস কাসিম খান। তিনি পাকিস্তানের গুজরানওয়ালা এলাকার বাসিন্দা। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা'র সঙ্গে তার সম্পর্ক রয়েছে। লস্কর-ই-তৈয়বার জঙ্গিরাই ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছিল।
পাহাড়ি একটি গ্রাম থেকে উসমানকে আটক করা হয়। বার্তা সংস্থা আইএএনএস' এর খবরে বলা হয়, তার বয়স ১৮ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
হামলার পরপরই বিএসএফ'র গুলিতে এক জঙ্গি নিহত হয় এবং অন্যজন পাহাড়ের দিকে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাকে অনুসরণ করে।
স্থানীয়রা সাংবাদিকদের বলেন, ছোট্ট পাহাড়ি গ্রাম ছিরদিতে অস্ত্রধারী এক ব্যক্তি প্রথমে তিনজন বেসামরিক মানুষকে জিম্মি করে এবং তাদের কাছ থেকে জোর করে খাবার সংগ্রহ করে।
প্রত্যক্ষদর্শীদের একজন আইএএনএস কে বলেন, পরে গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। ওই সময় সে গ্রামবাসীদের কাছে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছিল।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড্যানিশ রানা সাংবাদিকদের বলেছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে উসমান জানিয়েছেন তিনি ফয়সালাবাদ থেকে এসেছেন। উসমান কোন রুটে এসেছেন আমরা তা খতিয়ে দেখব। তার লক্ষ্য কি সেটিও দেখা হবে।”
ভারত দীর্ঘদিন থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী মুসলিম জঙ্গিদেরকে ভারত শাসিত কাশ্মীরে ঠেলে দেয়ার অভিযোগ করে আসছে। একই ধরনের অভিযোগ ভারতের বিরুদ্ধে করে আসছে পাকিস্তানও।
পাকিস্তানের দাবি, তারা কেবল কাশ্মীরিদেরকে তাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য লড়াইয়ে নৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে।
আইএএনএস কে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিম্মিদেরও মুক্ত করা হয়েছে। আরো কোনো জঙ্গি আছে কিনা তা খুঁজে দেখতে ঘটনাস্থলে তল্লাশি চলছে।
উধামপুরের জম্মু-শ্রীনগর মহাসড়কে জঙ্গি হামলা দীর্ঘ ১৫ বছর পর এটিই প্রথম বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
হামলার পর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ট্যুইটারে মন্তব্য করেন, “দীর্ঘদিন পর এখানে এমন শক্তিশালী হামলা হল। বিদ্রোহী-জঙ্গিমুক্ত এ অঞ্চলে এমন ঘটনা সত্যিই দুঃখজনক।”
ওদিকে, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন সন্ত্রাসী নিহত এবং একজন আটক হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি বিএসএফ প্রধান ডি.কে. পাঠকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
অমরনাথ যাত্রায় হিন্দু পুণ্যার্থীরা প্রায়ই সামরুলি মহাসড়ক ব্যবহার করায় ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলো তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।
