২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ‘ডাইনি’ অপবাদে নারীর শিরশ্ছেদ

ভারতের আসামে জাদুটোনা করার কথিত অভিযোগে বয়োবৃদ্ধ এক নারীকে উলঙ্গ করে শিরশ্ছেদ করেছেন গ্রামবাসীরা। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 03:48 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

মঙ্গলবার আসাম পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। 

ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত ওই গ্রামের বাসিন্দাদের রোগবালাইয়ের জন্য ৬৩ বছর বয়সী পুর্নি ওরাঙকে দায়ী করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। 

এ্রই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দুই নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
আসাম পুলিশ জানিয়েছে,  ছয় বছরে একই ধরনের অভিযোগে প্রায় ৯০ জনকে শিরশ্ছেদ করে, জীবন্ত পুড়িয়ে ও ছুরি মেরে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের শিকারদের বেশিরভাগই নারী।

নারীদের ‘ডাইনি’ হিসেবে চিহ্নিত করার ঘটনা আসামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ও চা-বাগানের শ্রমিকদের মধ্যে প্রায়ই ঘটে।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা সামাদ হোসেন জানান, শান্তিপুর জেলার ওই গ্রামটির লোকজন কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন। কয়েকজন গ্রামবাসী নিজেদের অবস্থার জন্য পুর্নি ওরাঙকে দায়ী করেন। 
“এরপর ডাইনি অপবাদ দিয়ে তাকে হত্যা করেন তারা,” বলেন সামাদ।

২০১৪ সালের অক্টোবরে ভারতীয় ক্রীড়াবিদ দেবযানি বোড়াকে আসামে ডাইনি অপবাদ দিয়ে ব্যাপক মারধর করা হয়।