২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ৭৮ বছর পর সাউথ ব্লক ছাড়ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

যাচ্ছে কয়েকশ মিটার দূরে বানানো নতুন কমপ্লেক্স এক্সিকিউটিভ এনক্লেভে।

স্বাধীনতার ৭৮ বছর পর সাউথ ব্লক ছাড়ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
নর্থ ব্লক ও সাউথ ব্লক প্রায় ৮ দশক ধরে ভারত সরকারের প্রশাসনিক কাজের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 12:51 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে তার ঠিকানা বদলাতে যাচ্ছে; দীর্ঘদিনের পরিচিত সাউথ ব্লক ছেড়ে উঠতে যাচ্ছে কয়েকশ মিটার দূরের নতুন কমপ্লেক্স এক্সিকিউটিভ এনক্লেভে।

ভারত সরকারের ভেতরকার সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি।

তারা জানিয়েছে, পিএমও স্থানান্তর হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায়। আগের মতোই প্রধানমন্ত্রীর নতুন এ কার্যালয়ও তার বাসভবনের কাছাকাছিই থাকছে।  

নতুন ঠিকানা এক্সিকিউটিভ এনক্লেভে পিএমও-র পাশাপাশি সরকারের আরও কিছু শীর্ষ কার্যালয়ও জায়গা পাচ্ছে। এতে মন্ত্রিপরিষদ ও জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় এবং সভা-সম্মেলনের সুবিধাও রয়েছে।

পিএমও স্থানান্তরের মূল কারণই হচ্ছে জায়গার সঙ্কট। পুরনো ভবনগুলোতে আধুনিক সুযোগ-সুবিধাও নেই। উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠায় ভারত সরকার এ নতুন ভবনগুলো বানানোর প্রয়োজনীয়তা অনুধাবন করেছে বলেই মনে করা হচ্ছে। 

এরই মধ্যে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তব্য ভবন-৩ এ স্থানান্তরিত হয়েছে, এ মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবনটির উদ্বোধন করেছেন। 

এ উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত ভবনগুলো থেকে ভারতের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে জানিয়ে সেসব অতি পুরনো স্থাপনায় কর্মীদের জন্য জায়গার সঙ্কট, পর্যাপ্ত আলো-বাতাসের অভাবসহ বাজে কর্মপরিবেশের কথা উল্লেখ করেন।

অপর্যাপ্ত পরিকাঠামো দিয়ে প্রায় শতাব্দীপুরনো একটি ভবন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কীভাবে কাজ চালিয়ে আসছিল তা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন তিনি। 

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নাম বদলের হিড়িকে পিএমও-ও নতুন নাম পেয়ে যেতে পারে বলে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে এর এমন নামকরণ হবে যাতে ‘জনসেবার’ চেতনার প্রতিফলন দেখা যায়, বলেছেন তারা।

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পর প্রথম ভাষণে নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি চান পিএমও যেন জনসেবার অন্যতম তীর্থে পরিণত হয়। 

“পিএমও হওয়া উচিত ‘জনগণের’ পিএমও, এটা মোদীর পিএমও হতে পারে না,” বলেছিলেন তিনি।

প্রায় ৮ দশক ধরে ভারত সরকারের প্রশাসনিক কাজের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে নর্থ ব্লক ও সাউথ ব্লক। গুরুত্বপূর্ণ সব কার্যালয় নতুন ভবনগুলোতে স্থানান্তরের পর এ ব্লকদুটো ‘যুগে যুগিন ভারত সংগ্রহালয়’ নামের জাদুঘরে পরিণত করা হবে। 

এ নিয়ে ভারতের জাতীয় জাদুঘর ও ফ্রান্স মিউজিয়ামস ডেভেলপমেন্টের মধ্যে একটি চুক্তিও হয়ে গেছে।