২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভকালে ‘কম’ ঘুম নয় মোটেই

গর্ভকালে নারীকে এখন থেকে দুজনের জন্য খেতে হবে’ অথবা ‘ব্যায়াম করা যাবে না’ এমন নানা পরামর্শ দিয়ে থাকেন অনেকে। এরমধ্যে নারীকে অক্ষরে অক্ষরে মানতে হবে একটি বিশেষ পরামর্শ, গর্ভকালে আরামদায়ক ঘুম লাগবে পর্যাপ্ত পরিমাণে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 07:03 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

গর্ভকালে ঘুম কম হলে তা গর্ভবতী মায়ের পাশাপাশি গর্ভের শিশুর জন্যও ঝুঁকির হয়ে ওঠে বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

অনেকক্ষেত্রেই গর্ভবতী মায়ের পরিমাণ মত ঘুম না হলে দেখা দিতে পারে প্রিক্ল্যাম্পসিয়া; যা মায়ের স্বাস্থ্যের পাশাপাশি গর্ভের শিশুর জন্যও ঝুঁকির কারণ হয়ে ওঠে।

বিশ্ব ঘুম দিবস উপলক্ষে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রক্তচাপ বেড়ে যাওয়া, কিডনি সমস্যা ছাড়াও সময়ের আগেই সন্তান প্রসব হতে পারে প্রিক্ল্যাম্পসিয়ার কারণে।

মাদারহুড হসপিটাল খরঘরের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুরভি সিদ্ধার্থ দ্য হিন্দুস্তান টাইমসকে বলেন, “কম ঘুমের কারণে প্রিক্ল্যাম্পশিয়ার, উচ্চ রক্তচাপ, গর্ভকালীন ডায়াবেটিস, প্রসব ব্যথা এমনকি সি-সেকশন করানোর মত পরিস্থিতিও হতে পারে।”

গর্ভকালে হরমোনের তারতম্য হতে থাকে বলে নারী শারীরিকভাবেও একেক সময় একেক রকম বোধ করেন।

”গর্ভকালের শেষ তিন মাসে অধিক পরিমাণে ইস্ট্রোজেন থাকে শরীরে; এতে করে রাইনাইটিস (অ্যালার্জিজনিত নাকের এক ধরনের প্রদাহ) দেখা দিতে পারে। আর এই সমস্যা থেকে ঘুমের মধ্যে নাক ডাকা এবং শ্বাসবন্ধ হওয়ার অসুবিধা বোধ করতে পারেন হবু মা।”

গর্ভকালের আগে যদি ঘুমের সমস্যা থেকে থাকে, গর্ভকালে তা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন সিদ্ধার্থ।

বেশির ভাগ অন্তঃসত্ত্বা নারীরই পা ও গোড়ালি ফোলার সমস্যা হয়ে থাকে; আর এই সমস্যা গর্ভকালে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। 

গর্ভকালে এমন আরও কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, যা নারীর ঘুমের সমস্যা করতে পারে।

>> শরীরে ব্যথা, পিঠে ব্যথা, পিঠ শক্ত হয়ে যাওয়ার কারণে আরাম করে ঘুমানো যায় না।।

>> গর্ভকালে একটু পর পর প্রসাবের বেগ হতে পারে। ঘুমেও মধ্যে বারবার প্রসাবের জন্য উঠতে হলে গর্ভবতী নারীর আর একটানা ঘুম হয় না।   

>> কারো কারো বুক জ্বালাপোড়া অনুভূত হয় গর্ভকালে। তাতেও ঘুমে অসুবিধে হয়।

>> ঘুমের মধ্যেও বমি বমি ভাব হলে গর্ভবতী নারী ঠিকমত ঘুমাতে পারেন না। 

>> পা কামড়ানোর অনুভূতিও নিরবিচ্ছিন্ন ঘুমে ব্যাঘাত ঘটায়।

তাহলে গর্ভকালে একটানা ঘুমের উপায় কী?

খুব ভালো ঘুমের জন্য খাদ্যাভাসে নজর দিতে হবে। শারীরিকভাবে প্রফুল্ল থাকতে হবে। সেই সঙ্গে ভালো ঘুমের জন্য এড়িয়ে চলতে হবে ক্যাফেইন ও অ্যালকোহল।
চিকিৎসক সুরভি সিদ্ধার্থ  বলেন, ”তাজা ফল, সবজি, শস্য দানা, ডাল, শিম খেতে হবে। রাতে ক্যাফেইন ও অ্যালকোহল নেওয় যাবে না; এসব ঘুম কেড়ে নেয় একেবারে।

“ঘুমের জন্য বালিশ ও তোষকটি আরামদায়ক হতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুমের অভ্যাস করতে হবে। পেট ঠেসে খাবার না খাওয়াই ভালো। শয়নকক্ষে টিভি, কমপিউটারের মত গ্যাজেটগুলো না রাখলে ঘুমের ব্যাঘাত কমবে।”