২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রো ট্রেনে উত্তরা থেকে ১৮ মিনিটে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

যাত্রাপথে আসন থেকে উঠে ট্রেনের ভেতর অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

মেট্রো ট্রেনে উত্তরা থেকে ১৮ মিনিটে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 06:04 PM

Updated : 28 Dec 2022, 06:04 PM

মেট্রোরেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা সেরে মেট্রো ট্রেনে চড়ে উত্তরার দিয়াবাড়ি থেকে ১৮ মিনিটে আগারর্গাঁওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুর ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেন উত্তরা থেকে আগারগাঁওয়ের দিকে ধীরগতিতে ছুঁটতে শুরু করে; এরপর ২টা ১১ মিনিটে আগারগাঁওয়ে পৌঁছায় ট্রেনটি।

Image

উত্তরা উত্তর স্টেশনের এক নম্বর কাউন্টার থেকে মেট্রোরেলের টিকেট কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা।

উত্তরা থেকে আগারগাঁওয়ের এই পথের দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এই দূরত্বে মেট্রো ট্রেনের ১০ মিনিট সময় লাগার কথা থাকলেও ধীরগতিতে বেশি সময় নিয়ে চলে ট্রেনটি।

এদিন দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি দিয়াবাড়ি স্কুল মাঠে সুধী সমাবেশে যোগ দেন। সেখানে আনুষ্ঠানিকতা সেরে ১টা ৩০ মিনিটে উদ্বোধনী ফলকের কাছে একটি তেঁতুল চারা রোপণ করেন।

Image

মেট্রোরেলের টিকেট হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা।

১টা ৩৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের এক নম্বর কাউন্টার থেকে মেট্রোরেলের টিকেট কাটেন প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিকসহ বেশ কয়েকজন এ সময় তাদের সঙ্গে ছিলেন।

টিকিট কেটে চলন্ত সিঁড়িতে চড়ে স্টেশন প্লাজার তৃতীয় তলায় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান প্রধানমন্ত্রী। সেখানে ১টা ৩৯ মিনিটে সবুজ পতাকা দুলিয়ে একটি ট্রেনের যাত্রার সবুজ সংকেত দেন তিনি। পরে সেই সবুজ পতাকায় স্বাক্ষর করেন। 

এই অনুষ্ঠানিকতা সেরে বেলা ১টা ৪৫ মিনিটে নির্ধারিত ট্রেনে চেপে বসেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, মন্ত্রিসভার সদস্য, দলীয় জ্যেষ্ঠ নেতারাসহ অতিথিরাও ট্রেনে ওঠেন। আট মিনিট পর ট্রেনটি আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানার মাঝের আসনে বসেছিলেন দলের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরী। যাত্রা পথে নিজ আসন থেকে উঠে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

আগারগাঁওয়ে পৌঁছালে আগে থেকেই অপেক্ষমাণ গাড়ি বহরে চড়ে গণভবনের দিকে চলে যান প্রধানমন্ত্রী।

২০১৬ সালে ২৬ জুন এমআরটি-৬ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মাণের কাজ চলছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায়। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এই লাইনের নাম দেওয়া হয়েছে এমআরটি-৬।

Image

যাত্রাপথে আসন থেকে উঠে ট্রেনের ভেতর অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল হলেও শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন চলাচলের জন্য খুলে দিয়েছে সরকার। নির্দিষ্ট নিয়মকানুন মেনে বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সাধারণ মানুষ। এতে সড়কে দীর্ঘ যানজটের ভোগান্তি কাটিয়ে খুব অল্প সময়েই এই রুটে চলাচলের দুয়ার খুলছে ঢাকাবাসীর।