মেট্রোরেল: নিজে দেখে বন্ধুদের ‘নিয়ে যাবে’ ১২ বছরের রাজা
মেট্রোরেল দেখে মুগ্ধ রাজা বললো, “এইখানের পরিবেশটা সুন্দর লাগতেছে। নরমাল যে ট্রেন, স্টেশন, সেগুলা দেখতে সুন্দর না, ময়লা আবর্জনা থাকে।”
নিজেই টিকেট কেটে স্টেশনে ঢুকে পড়ার বিষয়টি জানানোর সময় উচ্ছ্বসিত ১২ বছর বয়সী মোহাম্মদ আব্দুল আহাদ খান রাজা বলছিল, প্রথমে সে নিজে দেখতে এসেছে, পরে বন্ধুদেরকেও দেখাতে নিয়ে যাবে।
উত্তরা সেক্টর ৫-এর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থী জানায়, গাবতলীতে বড় বোনের বাসায় বেড়াতে গিয়েছিল সে। কিন্তু মেট্রোরেল চালু হওয়ায় বৃহস্পতিবারই উত্তরায় বাবা-মায়ের কাছে ফিরে যাচ্ছে।
টঙ্গী থেকে শহরে একা আসা-যাওয়া করতে ‘ভয় লাগছে না’ রাজার। বরং সে মেট্রোরেলের সৌন্দর্যে মুগ্ধ।
“এইখানের পরিবেশটা সুন্দর লাগতেছে। নরমাল যে ট্রেন, স্টেশন, সেগুলা দেখতে সুন্দর না, ময়লা আবর্জনা থাকে। কিন্তু এইটা অনেক সুন্দর। আমি যদি বাস বা নরমাল ট্রেনে যাই, অনেক টাইম নষ্ট হয়ে যায়। কিন্তু মেট্রোরেলে গেলে কয়েক মিনিটে পৌঁছে যাব।”
রাজাদের বাড়ি টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায়। বাড়ি টঙ্গী হলেও তাদের বাসা উত্তরায়। তাই মেট্রোরেলের স্টেশন এলাকা পরিচিত।
“আমি নিজে আগে মেট্রোরেল দেখতে আসছি। পরে বন্ধুদের নিয়ে আসব।”
রাজার মত অনেক শিশুই মেট্রোরেল চালুর প্রথম দিন ট্রেনে চড়তে এসেছিল। মনিপুর উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শাবীবকে দেখে মনে হল, আনন্দে কী করবে সে বুঝতে পারছে না।
শাবীব এর আগে ‘মাত্র একবার’ সাধারণ ট্রেনে উঠেছিল। এবার এভাবে ঢাকার মাঝেই ট্রেনে চড়তে পেরে তার খুব ভালো লাগছে।
আট বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আবু বকর সিদ্দিক তায়েব বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের ৭ সদস্যের সঙ্গে সকাল ৭টা থেকে মেট্রোরেলের লাইনে দাঁড়িয়ে ছিল।
উচ্ছ্বাস প্রকাশ করে সে বললো, “আমি অনেকবার ট্রেন দেখেছি, ট্রেনে বাড়ি গেছি। কিন্তু কখনও মেট্রোরেল দেখি নাই। আজকে দেখব। আমার খুব ভালো লাগছে।”
তার মা লিমা হাসান বললেন, “বাচ্চাকাচ্চা নিয়া বাসে যাওয়া-আসা তো কষ্টের, রিস্কি। এই ট্রেন যদি রেগুলার চলে, তাহলে সবার শান্তি। জ্যামে, রোদে-বৃষ্টিতে বাচ্চা কোলে নিয়ে বসে থাকা লাগবে না।”
তবে যান্ত্রিক গোলযোগের কারণে টিকেট কাটতে ঝক্কি পোহাতে হয়েছিলো বলে জানালেন লিমা হাসান।
ফার্মগেইটের বাসিন্দা লতা মোস্তাফিজ স্বামী-সন্তানসহ উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও যাচ্ছিলেন। তিনিও টিকেট কিনতে ঝামেলায় পড়ার কথা বললেন।
“আমি এর আগে সৌদিতেও মেট্রোরেলে চড়েছি। সেখানে টিকেট দিতে এত সময় লাগে না। কিন্তু আমাদের আজকে টিকেট কাটতে অনেক সময় লাগছে।”
