১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাক্ষাৎ

“স্বাধীন গণমাধ্যমের জন্য যে নীতিমালা হচ্ছে, তাতে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন তারেক রহমান,” বলেন তার উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 06:39 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক দিক তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে সচিবালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠকে সরকারপ্রধান এ আহ্বান জানান বলে তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানিয়েছেন। 

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আটজন প্রতিনিধি ছিলেন। এর মধ্যে কাউন্সিলের আহ্বায়ক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানও ছিলেন। 

উপ প্রেস সচিব বলেন, ‘‘বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন, যেন সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারে।

“স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে, সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন তিনি।”

প্রতিনিধি দলে অন্যান্য সম্পাদকের মধ্যে ছিলেন প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান, নয়া দিগন্তের সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তরের আবদুল হাই শিকদার, ওয়াদার শফিকুল আলম এবং মানবকণ্ঠের শহিদুল ইসলাম।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজও বৈঠকে ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ-উর রহমান।

শফিক রেহমান ও মাহমুদুর রহমানের গত ২ জুন আত্মপ্রকাশ করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। 

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর সম্পাদকদের বর্তমানে আরও একাধিক সংগঠন রয়েছে। এরমধ্যে ২০১৩ সালে যাত্রা শুরু করে মুদ্রিত সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’।

আরেকটি এডিটরস গিল্ড, বাংলাদেশ; যেটি সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে যুক্ত সব ধরনের মাধ্যমের সম্পাদকীয় নেতাদের নিয়ে ২০১৮ সালে গঠিত হয়।

অপরদিকে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে গত মে মাসে।