১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পত্রিকার অনলাইনে ‘টক-শো ও লাইভে’ ডিএফপির আপত্তি

ডিএফপি বলছে, এ ধরনের সম্প্রচার ‘প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সঙ্গে’ সংগতিপূর্ণ নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 07:15 PM

Updated : 12 Apr 2023, 07:15 PM

মুদ্রিত পত্রিকা অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মত সংবাদ বুলেটিন, টক-শো ও সরাসরি ভিডিও সম্প্রচার যে ‘আইন ও বিধিবিধানের পরিপন্থি’, সে কথা মনে করিয়ে দিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর-ডিএফপি।

অধিদপ্তরের মহা পরিচালক স ম গোলাম কিবরিয়া মঙ্গলবার এ বিষয়ে সংবাদপত্রগুলোতে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, পত্রিকাগুলোর অনলাইন সংস্করণে এ ধরনের সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সঙ্গে ‘সংগতিপূর্ণ নয়’।

“লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো সংবাদপত্র মুদ্রিত গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া হিসেবে অনুমোদন নিয়ে তাদের অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। এ ধরনের সংবাদ সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

"গণমাধ্যম হিসেবে জনগণকে সংবাদ সরবরাহের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব সত্তা ও বৈশিষ্ট্য মেনে চলার বিষয়টি সংবাদপত্রের কাছে কাঙ্ক্ষিত। প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে এ ধরনের সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি।"

সংবাদপত্র পরিচালনা এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এবং এ সংক্রান্ত অন্যান্য বিধিবিধান অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে।