চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের স্ত্রী ও সচিব দুর্ঘটনায় আহত
নাটোর সদরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী ও সচিবসহ চার জন আহত হয়েছেন।
অন্যদিকে শহরের দিঘাপতিয়া কলেজের সামনে এক দুর্ঘটনায় এক পোশাককর্মী নিহত হয়েছেন।
সদর থানার ওসি আসলাম উদ্দিন এ দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মন্ডলের স্ত্রী পপি বেগম (২৫), জেলা পরিষদ সচিব আলম (৪৫), গাড়ি চালক ইকবাল (৪০) এবং মঈনুদ্দিন মন্ডলের আত্বীয় আব্দুল হামিদ (৩০)।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আসলাম উদ্দিন জানান, মঈনুদ্দিন মন্ডল বিদেশ সফর থেকে বাড়ি ফিরছিলেন। রোববার সকালে তাকে আনতে বিমানবন্দরে যাচ্ছিলেন তার স্ত্রী, সচিব ও অন্যরা।
গাড়িটি সকাল সাড়ে ৮টার দিকে নাটোর শহরের বেলঘড়িয়া বাইপাস মোড়ে সরকারি শিশু পরিবারের সামনে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের গাড়ির সংর্ঘষ হয়।
ওসি আরো জানান, নাটোর সদরের খাজুরা এলাকার আজিম উদ্দিনের ছেলে পোশাককর্মী মন্টু মিয়া মোটরসাইকেল নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার নবজাতক সন্তানকে দেখে বাড়ি ফিরছিলেন।
পথে বালু বোঝাই ট্রলির সঙ্গে ধাক্কায় তার মৃত্যু হয়।
