ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন
বন্দর নগরী চট্টগ্রামের কে সি দে সড়কে একটি ঝুঁকিপূর্ণ দ্বিতল ভবন ভেঙ্গে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার বিকালে লাবু বড়ুয়ার মালিকানাধীন ওই ভবনটি ভেঙ্গে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া চসিকের নির্বাহী হাকিম নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আগেই নোটিশ দেয়া হয়েছে।
“তবুও ভবনের বাসিন্দারা সরে যাননি। আজ (সোমবার) চসিকের ইমারত নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে ভবনটি ভেঙ্গে দেয়া হয়।”
নগরীর ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নিয়মিত অভিযান চলবে বলেও জানান নাজিয়া শিরিন।
দুই তলা ভবনটির নিচতলা দোকান ও ওপর তলা বাসস্থান হিসেবে ব্যবহার করা হয়। চসিকের লোকজন বাসিন্দাদের বের করে দিয়ে ভবন ভাঙ্গার কাজ শুরু করেন।
