সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু রোববার
রাজধানীতে রোববার থেকে শুরু হতে যাচ্ছে ‘সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০১৬’ টুর্নামেন্ট।
সকাল সাড়ে ৮টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরুর মধ্য দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা উঠবে।
শনিবার ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন ডিআরইউ ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রথম ম্যাচ শেষ হওয়ার পর সকাল ১০টার দিকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
উদ্বোধনীতে জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানসহ সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটারের উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ১২ বছর ধরে নিয়মিতভাবে হয়ে আসা এই টুর্নামেন্টে এবার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিলিয়ে মোট ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের জার্সি ও চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শন করা হয়।
এবারের আয়োজনে বেশ কিছু চমক থাকবে বলে সম্মেলন থেকে জানান ডিআরইউ ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান।
তিনি জানান, এবার একটু ভিন্নতা রাখা হবে টুর্নামেন্টে। এবছর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে পঞ্চাশ হাজার টাকা; রানার্স আপ দলের জন্য রয়েছে ৩০ হাজার টাকা।
এরপরের দুই পজিশনে থাকা দল ১০ হাজার টাকা করে এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পাঁচ হাজার টাকা পাবে। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি দলকে এক হাজার টাকা করে দেওয়া হবে।
এবারের আয়োজনের টাইটেল স্পন্সর সামিট গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, হারফি বাংলাদেশ ও টেলিটক বাংলাদেশ, বেভারেজ পার্টনার পারটেক্স গ্রুপের জিরা পানি ও মাম। ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে মিডিয়া মিউজিয়াম অফ বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সামিট গ্রুপের হেড অফ পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া শামসুদ্দিন হায়দার ডালিম বক্তব্য রাখেন।
এছাড়া ডিআরইউর সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ ডিআরইউ সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
