‘ইউরোপের মুখে মানবাধিকার, আবার বন্ধুত্বে স্বৈরাচার’
জার্মানিতে গ্লোবাল মিডিয়া ফোরামের বার্ষিক সম্মেলনে ইউরোপের দেশগুলোর ‘দ্বিচারিতা’ উন্মুক্ত করে তার কড়া সমালোচনা করেছেন মিসরের এক অনলাইন অ্যাক্টিভিস্ট।
বাসেম ইউসেফ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মুখে মানবাধিকারের ফেনা তুললেও বিভিন্ন দেশের স্বৈরাচারদের সঙ্গে ঠিকই সুসম্পর্ক রেখে চলে।
মঙ্গলবার বন শহরে সম্মেলনের দ্বিতীয় দিন ডয়েচ ভেলের অনলাইন অ্যাক্টিভিজম পুরস্কার ‘দি ববস’ বিজয়ীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
এসময় সমালোচনাধর্মী ব্যাঙ্গাত্মক টিভি অনুষ্ঠানের উপস্থাপক বাসেম ইউসেফ তার বক্তৃতায় ইইউর ‘দ্বিমুখী চরিত্রের’র সমালোচনা করেন।
ঘটনাবহুল এক দশক পর সামরিক বাহিনীর প্রধান মিশরের সরকারপ্রধান হলে নিজ দেশে বাসেমের টেলিভিশন অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল।
বিভিন্ন দেশে ‘স্বৈরাচার’ উত্থানে ইইউর দায় আছে মন্তব্য করে বাসেম বলেন, “শুধু মানবাধিকারের সূচক দিয়ে নয়, স্বৈরাচারদের সমর্থনে ইউরোপীয় দেশগুলার ভূমিকা কী, সেটাও বিবেচনায় আনতে হবে।
“তেল কেনা আর অস্ত্র ব্যবসার কারণে এইসব স্বৈরাচারদের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বেশ ভালো সম্পর্কই রয়েছে। আমরা এমন ইউরোপের সঙ্গে অভ্যস্ত না। কেন বিভিন্ন স্বৈরাচাররা টিকে থাকছে এবং শক্তি সঞ্চয় করছে, সে বিষয়ে আপনার চোখ বন্ধ করে রাখবেন না।”
নিজের দেশ মিশরের বর্তমান অবস্থা নিয়ে কৌতুক করতেও ভোলেননি তিনি।
“মিশরের অবস্থা এখন অসাধারণ। আমরা আমাদের জীবনের সেরা সময় কাটাচ্ছি। কারও কোনো অভিযোগ নেই,” বলেই হাসতে হাসতে ইউসেফ বলেন, “আমি সত্যি সত্যিই বলছি, কেউ কোনো ধরনের অভিযোগ করতেই পারবে না।”
অনুষ্ঠানে চারটি বিভাগে ববসের পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সারা বিশ্বের দুই হাজার তিনশ’ প্রতিযোগীর মধ্যে ভারত, বাংলাদেশ, ইরান ও জার্মানির চারটি দলকে এ পুরস্কার দেওয়া হয়।
এগুলো হচ্ছে- সামাজিক পরিবর্তন বিভাগে ভারতের ‘স্টপ এসিড অ্যাটাকস ক্যাম্পেইন’, ভালোর জন্য প্রযুক্তি (টেক ফর গুড) বিভাগে ইরানের ‘গেরশাদ’ অ্যাপ, নাগরিক সাংবাদিকতা বিভাগে বাংলাদেশের তথ্যচিত্র ‘রেজার’স এজ’ এবং শিল্প ও সংস্কৃতি বিভাগে জার্মানির ‘পলিটিক্যাল সেন্টার ফর বিউটি’।
দ্য ববস পুরস্কার জয়ীরা (ছবি ডয়চে ভেলের সৌজন্যে)
সম্মাননা নেওয়ার সময় বাংলাদেশের তথ্যচিত্র ‘রেজার’স এজ’ এর পরিচালক বলেন, ববসের সন্মাননা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করার ক্ষেত্রে দায়িত্ব বাড়িয়ে দিল।
“আমি এ তথ্যচিত্রটি বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চাই। ইউরোপের বিভিন্ন স্থানে এটি প্রদর্শন করতে চাই, যেন লোকজন বুঝতে পারে বাংলাদেশে এখন কী হচ্ছে।”
নিরাপত্তার কারণে ‘দেশের বাইরে’ অবস্থানে বাধ্য হওয়া ছদ্মনামধারী এই ব্লগার বলেন, “অবশ্যই এক সময় দেশে ফিরে যাব। এভাবে কেউ ভালো থাকতে পারে না।”
অনুষ্ঠানে ভারতের ‘স্টপ এসিড অ্যাটাকস ক্যাম্পেইন’ এর অলক দীক্ষিত বলেন, ববসের সম্মাননা সমাজে এসিডদগ্ধ নারীদের গ্রহণযোগ্যতা বাড়াবে।
“আমরা বলি বিশ্বটাকে বদলে দিতে হবে। কিন্তু এর আগে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে।”
সমাজকর্মী অলক নিজেও একজন ‘এসিডদদ্ধ’ নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
‘ধর্মীয় পুলিশের অবস্থান’ জানিয়ে ইরানের নারীদের ‘হয়রানির হাত থেকে বাঁচাতে’ বানানো অ্যাপ গেরশাদের এক মুখপাত্র বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন দেশে ‘ভুলুন্ঠিত হওয়া’ নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।
ইউরোপে আসা শরণার্থীদের সাহায্য করতে জার্মানির ‘পলিটিক্যাল সেন্টার ফর বিউটি’কে ববসের শিল্প ও সংস্কৃতি বিভাগে মনোনীত করা হয়েছে।
এ সংগঠনটি ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশ করতে আগ্রহী শরণার্থীদের জন্য বিভিন্ন স্থানে এক হাজার প্ল্যাটফরম স্থাপন করেছে। এসব প্ল্যাটফরম ব্যবহার করে বিপদে পড়া শরণার্থীরা উদ্ধারকর্মীদের কাছে সংকেত পাঠাতে পারবেন।
ডয়েচে ভেলের জাফর আবদেল করিম পুরস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
সারাবিশ্বের ১০০টি দেশের দুই হাজারের বেশি গণমাধ্যম প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে সোমবার গ্লোবাল মিডিয়া ফোরাম-২০১৬ উদ্বোধন হয়।
তিন দিনের এ বার্ষিক সম্মেলন বুধবার শেষ হচ্ছে।
