সিএসবি টেলিভিশনের সম্প্রচারে আসার পথ খুলল
২০০৭ সালের ৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় টেলিভিশনটির সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়।
বেসরকারি সিএসবি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট।
এর ফলে এই টেলিভিশনের সম্প্রচারে আসতে আর বাধা রইল না।
এ বিষয়ে একটি রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেয়।
রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, টেলিভিশনটির সম্প্রচারের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা স্থগিত করেছেন কোর্ট; ফলে এটির সম্প্রচারে আর বাধা নেই।
সিএসবি নিউজের পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু হয় ২০০৭ সালের ২৪ মার্চ। বাণিজ্যিকভাবে সম্প্রচারে আসে একই বছরের ৯ এপ্রিল।
২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় টেলিভিশনটির সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়।
টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেছিলেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফাইয়াজ কাদের চৌধুরী।
মাহবুব উদ্দিন খোকন বলেন, এর আগে তার আবেদনের শুনাননি নিয়ে রুল জারি করেছিল হাই কোর্ট।
ওই রুল ‘পেন্ডিং’ থাকা অবস্থায় সম্পূরক আবেদন জানানো হয়, যার শুনানির পর এ আদেশ হল।
