অ্যানিমেশন ফিল্মে গুরুত্ব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
অ্যানিমেশন ফিল্মের প্রতি গুরুত্ব দিতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, “বাস্তবে যা প্রকাশ করা কঠিন অ্যানিমেশনে তা সহজেই তুলে ধরা সম্ভব। সামাজিক উন্নয়নে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাছাড়া অ্যানিমেশন ফিল্ম এখন একটি লাভজনক ব্যবসা।
“এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ কোটি কোটি টাকা আয় করছে। কিন্তু আমরা এক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি। এই সেক্টরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
‘ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৪’ উপলক্ষে রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘প্রসপেক্ট অব অ্যানিমেশন ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি’ শিরোনামে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তথ্যমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোস্যাইটির উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, “চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কেননা এর মাধ্যমে আমরা একসাথে শোনা ও চোখে দেখতে পারি। আর যারা শিল্পী তারা কোনো জঙ্গিগোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট নয়। কোনো শিল্পী জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না।
“দেশের ইতিহাস ও সংস্কৃতির ধারা সম্পর্কে ভালো জানেন, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার সাথে সম্পৃক্ত নয়, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধী নয়- একমাত্র তারাই ভালো অ্যানিমেশন ফিল্ম বানাতে পারেন।”
প্রযুক্তির ‘নেতিবাচক’ দিক তুলে ধরে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, “প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।এর অপব্যবহারের মাধ্যমে যেন কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করা না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রযুক্তির অপব্যবহার করে অনেক নারীকে হয়রানি ও অপদস্ত করা হচ্ছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “একবিংশ শতাব্দীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের মাধ্যমে সমাজের ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।”
প্রযুক্তির কারণে কেউ যাতে প্রতারিত না হয় বা ক্ষতির মুখে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে অন্যদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক (ডিজাইন) রেজাউল করিম, কার্টুনিস্ট আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যাক অনুপম হুদা, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আ জ ম শফিউল আলম ভূঁইয়া, দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
