কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দাবি পূরণে শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা।
শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা।
তিনি বলেন, দুই দফা দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ২১ ও ২২ সেপ্টেম্বর চার ঘণ্টা কর্মবিরতি পালন করবেন।
এরপর ২৩-৩০ সেপ্টেম্বর সাতদিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে ১ অক্টোবর থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে শিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করবে বলেও জানান আনোয়ারুল ইসলাম তোতা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দুই দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাদের দুটি দাবির মধ্যে রয়েছে- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে নির্ধারণ।
