চালু হলো বিমান ঘাঁটি 'বঙ্গবন্ধু'
রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ঘাঁটি 'বঙ্গবন্ধু' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে এফ৭বিজিআই যুদ্ধবিমান এবং এমআই১৭১ এসএইচ হেলিকপ্টারের অন্তর্ভুক্তিকরণও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ঢাকা সেনানিবাসের বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাটিতে মঙ্গলবার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, "বিমান বাহিনীতে নতুন যুদ্ধবিমান ও হেলিকপ্টার সংযোজনের ফলে এ বাহিনী আগামীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরো সক্ষম বাহিনী হিসাবে দেশের ভাবমূর্তি বহুগুনে বৃদ্ধি করবে- এ প্রত্যাশা আমার আছে।"
"সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু সহায়তা দেওয়া সম্ভব আমাদের সরকার এ ব্যাপারে কোনো কার্পন্য করবে না। আপনাদের প্রতি এটাই আমাদের অঙ্গীকার", যোগ করেন শেখ হাসিনা।
বিমান বাহিনীর এই মূল ঘাঁটি এতোদিন অস্থায়ী ব্যবস্থাপনায় কার্যক্রম চালিয়ে আসছিল। আলাদা ঘাঁটি হিসেবে উদ্বোধনের পর এখন থেকে এটি 'বিএএফ বেস বঙ্গবন্ধু' নামে পরিচিত হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪১ সালে বার্মায় বিমান হামলা পরিচালনার জন্য ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি তৈরি করে।
১৯৬৬ সালে এই বিমান ঘাঁটির বর্তমান রানওয়ের কাজ শুরু করা হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে এই ঘাঁটির রানওয়ের কাজ শেষ করা হয়।
১৯৮০ সালে বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘাঁটি ব্যবহার শুরু করে। এই ঘাঁটি তখন থেকে বিএএফ বাশারের অংশ ছিল।
১৯৮৭ সাল থেকে বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো পরিপূর্ণভাবে এই ঘাঁটি ব্যবহার শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী
পরে আকাশে নতুন এফ-৭বিজিআই এর অ্যারোবেটিক ডিসপ্লে হয়।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ঘাঁটির উদ্বোধন ও আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার অন্তর্ভুক্তির এই অনুষ্ঠানকে 'ঐতিহাসিক মূহুর্ত' হিসাবে আখ্যায়িত করে বলেন, "আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ওপর বর্তমান সরকারের বিশেষ গুরুত্ব আরোপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নত যুদ্ধকৌশল, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সংযোজিত হয়েছে যুগোপযোগী ও অত্যাধুনিক যুদ্ধের বিভিন্ন উপকরণ।"
স্বাধীনতার পর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো একটি উড্ডয়ন বিমান ঘাঁটি স্থাপন এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার অন্তর্ভুক্তি বর্তমান সরকারের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নীতিরই প্রতিফলন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
নতুনভাবে এই ঘাঁটি প্রতিষ্ঠার ফলে অন্যান্য ঘাঁটির উপর চাপ কমবে বলে আশাপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "নতুন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অন্তর্ভুক্তির মাধ্যমে বিমান বাহিনীর পরিচালন ক্ষমতা ও পেশাগত দক্ষতা আরো বৃদ্ধি পাবে।"
বিমান বাহিনীকে আধুনিকায়নে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহান এবং পরবর্তীতে গত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিমান বাহিনীর জন্য মিগ-২৯ যুদ্ধ বিমান, সুপরিসর সি-১৩০ পরিবহন বিমান এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার কেনার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
বিমানবাহিনীর সদস্যদের প্রতি শেখ হাসিনা বলেন, "আমি আমাদের বৈমানিকদের দক্ষতায় পূর্ণ আস্থাশীল। আমার বিশ্বাস, এই নতুন ঘাঁটিতে নতুন যুদ্ধ বিমানের মাধ্যমে আপনারা আরো উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং নিজেদেরকে দক্ষ বৈমানিকরূপে গড়ে তুলতে সক্ষম হবেন।"
বিমান বাহিনীর জন্য ট্রান্সপোর্ট ট্রেইনার, মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এবং জেট ট্রেইনার বিমান ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,"রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং বিমান প্রতিরক্ষা রাডার ক্রয়ের পরিকল্পনা রয়েছে।"
নতুন হেলিকপ্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী
নতুন যুদ্ধবিমান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী
এরপর, প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। গার্ড পরিদর্শন ও জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধানমন্ত্রী বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর ফলক উন্মোচন ও পতাকা উত্তোলন করেন।
পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং নতুন সংযোজিত যুদ্ধবিমান ও হেলিকপ্টার পরিদর্শন করেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সেনা ও নৌ বাহিনী প্রধান এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
