‘মা, তুমি কেঁদো না’
‘মা তুমি কেঁদো না। বিজয় আমাদের হবেই’- মুঠোফোনে কথাগুলো বলতে গিয়ে নিজেই বাকরুদ্ধ হয়ে পড়ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কায়সার আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার দুই চাচা মুক্তিযুদ্ধের শহীদ। আমার বাবা সারা জীবন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সোচ্চার থেকেছেন। কিন্তু রায় হওয়ার আগেই তিনি গত বছর আমাদের ছেড়ে চলে যান।”
“এতোদিন পরে হলেও বাবার ইচ্ছা পূরণ হওয়ায় আমার মা একটু আগে মুঠোফোনে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমিও আমার আবেগ ধরে রাখতে পারিনি। এ রায় আমাদের প্রাণের দাবিকে বাস্তবায়ন করলো,” জমাট বাঁধা কষ্ট যেন গলতে শুরু করেছে তার কণ্ঠে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশের পর শাহবাগের প্রজন্ম চত্বরে আবেগ রুদ্ধ হয়ে পড়তে দেখা যায় এমন অনেককেই।
অনেকেই প্রিয়জনকে নিয়ে সকাল থেকে প্রজন্ম চত্বরে অপেক্ষা করছিলেন কাঙ্খিত এ রায়ের জন্য। রায় ঘোষণার পর পরই সমবেত সবাই উল্লাসে ফেটে পরেন।
অফিস থেকে ছুটি নিয়েও অনেকে যোগ দিয়েছেন এই জাগরণে। তীব্র রোদ আর গরমকে উপক্ষো করেই সময়ের সাথে সাথে দীর্ঘ হতে থাকে জনতার মিছিল।
আর জাগরণ মঞ্চ থেকে ভেসে আসে স্লোগান, ‘জয় হলো রে, জয় হলো/ জনতার জয় হলো’, ‘এই মাত্র রায় হলো/রাজাকারের ফাঁসি হলো’।
সেই স্লোগানে সুর মেলায় লক্ষাধিক উল্লাসরত মানুষ যাদের হাতে, মাথায় ছিলো জাতীয় পতাকা।
জাতীয় পতাকা হাতে বিজয় মিছিল, উল্লাস, স্লোগান আর মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। বিকাল হতে হতে শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে।
বিকালে যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ে শাহবাগে শোকরানা মোনাজাত করে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
প্রায় ১০ মিনিট ধরে চলা মোনাজাতে ধর্ম ব্যবসায়ী জামায়াত শিবিরের গজব কামনা করে বলা হয়, “ইসলামে কোনো হত্যাকারী, ধর্ষণকারীর জায়গা নেই।”
একই সঙ্গে গণজাগরণ মঞ্চের তরুণদের জন্য দোয়া করে বলা হয়, “হে আল্লাহ, এইসব তরুণদের আরো শক্তি দান করেন।”
এ সময় হাজারো কণ্ঠে উচ্চারিত হয় আমিন।
প্রায় এক মাস ধরে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া শাহবাহের আন্দোলনকারীরা এই রায়কে জাতিকে কলঙ্কমুক্ত করার পথে এক ধাপ এগিয়ে যাওয়া হিসেবে মনে করছেন।
এরপর সমবেতরা মিছিল নিয়ে যান শহীদ মিনারে। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ছাত্র-জনতা। শপথ নেন সব যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এ সময় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত সড়ক ছিল লোকে লোকারণ্য।
শহীদ মিনারে প্রায় ১৫ মিনিট অবস্থানের পর আবার মিছিল নিয়ে শাহবাগের প্রজন্ম চত্বরে যান তারা।
মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে হত্যা, লুণ্ঠন, নির্যাতনের মতো অপরাধ রয়েছে।
