পাওয়া গেছে মহাবিশ্বের বৃহত্তম ‘কাঠামো’
মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম কাঠামোর খোঁজ পেয়েছেন জ্যোতিবিজ্ঞানীরা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, জ্যোতিবিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন কোয়াসারের কাঠামোর, যা কিনা আলোর গতিতেও পেরোতে সময় লাগবে ৪০০ কোটি বছর।
কোয়াসি-স্টেলার রেডিও সোর্স (কোয়াসার)-কে সহজ ভাষায় বলা চলে গ্যালাকটিক নিউক্লিয়াস। বিদ্যুৎচৌম্বকিয় শক্তি, রেডিও ওয়েভ এবং দৃশ্যমান আলোর উৎস হিসেবে চিহ্নিত করা হয় একে। গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলকে ঘিরে অবস্থান করে কোয়াসার।
দানবীয় এই কোয়াসারটি আবিষ্কার করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের বিজ্ঞানীরা। রয়াল অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির ওয়েবসাইটে নিজেদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন তারা।
মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল কাঠামো হিসেবে বিবেচনা করা হয় কোয়াসারকে। বিজ্ঞানীদের মতে, একাধিক কোয়াসার এক জায়গায় মিলিত হলে কাঠামো দাঁড়ায়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্প্রতি আবিষ্কৃত কোয়াসারের কাঠামোর সবচেয়ে লম্বা জায়গাটি ১,২০০ মেগাপারসেকের সমান। ১ মেগাপারসেক হলো ৩৩ লাখ আলোক বর্ষে অতিক্রমযোগ্য দূরত্বের সমান।
