মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তে ‘খুশি’ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
২৫ শতাংশ অধ্যাপককে প্রথম গ্রেডে যাওয়ার সুযোগ রেখে অষ্টম বেতন কাঠামোর বৈষম্য নিরসনে গঠিত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
বৃহস্পতিবার মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পর সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “আমরা খুবই খুশি।”
“যে দাবি আদায়ে সংগ্রাম করেছিলাম, তা আদায় হয়েছে,” তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেডে ও টাইম স্কেল বাতিল হলে তা নিয়ে আন্দোলনে নেমেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।
এক পর্যায়ে কর্মবিরতিও শুরু করেন শিক্ষকরা, এরপর সরকারের আশ্বাসে ওই কর্মসূচি থেকে ফিরে আসেন।
অষ্টম বেতন কাঠামোয় অধ্যাপকদের তৃতীয় গ্রেডের উপরে ওঠার পথ বন্ধ হয়েছিল জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ বলেন, নতুন বেতন কাঠামোয় বড় জটিলতা তৈরি হয়েছিল, তার অবসান হল।”
জ্যেষ্ঠ সচিবদের মতো সুপার গ্রেডেও উন্নীত হওয়ার সুযোগ দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
এ বিষয়ে অধ্যাপক ফরিদ বলেন, জ্যেষ্ঠ সচিবদের সমপর্যায়ে অধ্যাপকদের পদোন্নতি দিতে নতুন পদ সৃষ্টি করতে হবে।
“আইনমন্ত্রী আমাদের বলেছেন, বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এখতিয়ারে এই বিষয়টি নেই। তাই এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রাণালয়ে প্রস্তাব পাঠাব। নতুন পদ সৃষ্টির বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নতুন পদ সৃষ্টিতে কাজ করবে।”
