২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় বাঙালিদের এগিয়ে আসতে হবে’

বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় বাঙালিদের আরও এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাংসদ ফজলে হোসেন বাদশা, যিনি ‘আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস’র আহ্বায়কের দায়িত্বে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যায় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 12:34 AM

Updated : 22 Aug 2022, 12:58 PM

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের ব্যানারে ‘২০১৫-উত্তর এজেন্ডা: আদিবাসী জাতিসমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরণ’ শীর্ষক ওই মতবিনিময় সভা হয়।

সভাপতির বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন, “দেশে বসবাসরত আদিবাসীরা বড় ধরনের সমস্যার মধ্যে রয়েছে। বিভিন্ন সময় তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে তারা। তাই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বাঙালিদের আরও বেশি এগিয়ে আসা দরকার।”

ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের আদিবাসী পরিচয়ের পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, “প্রতিটি জাতির মানুষের তার পছন্দের শব্দে নিজেকে অভিহিত হবার অধিকার রয়েছে। এটা তার গণতান্ত্রিক অধিকার। কারও নিজস্ব পরিচয়ে বাধা প্রদান করা স্বৈরাতান্ত্রিক নীতির পর্যায়ভুক্ত।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, “সংবিধানের দৃষ্টিতে প্রতিটি মানুষের অধিকার এক ও অভিন্ন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান ও আত্মত্যাগকে আমরা অস্বীকার করতে পারি না, তাই তাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আদিবাসীদের অধিকার রক্ষায় রাষ্ট্র ও নাগরিক উভয়কে সচেতন হতে হবে।”

আওয়ামী লীগের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমরা মানুষের অধিকার চাই। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার এতগুলো বছর অতিক্রান্ত হলেও আজও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হচ্ছে। যদি মুক্তিযুদ্ধের চেতনাকে শক্তিশালী করা যায় তাহলে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামালের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের টেকনোক্র্যাট সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

সভায় অন্যদের মধ্যে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য সাংসদ কবি কাজী রোজী, এ কে এম ফজলুল হক, গোলাম মোস্তফা বিশ্বাস, মৃণাল কান্তি দাস, সাবেক সাংসদ টিপু সুলতান প্রমুখ বক্তব্য দেন।  

সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় গান গেয়ে শোনান সঞ্জীব দ্রং, জান্নাত-ই-ফেরদৌসী এবং ভারতের আসাম থেকে আসা মঞ্জুশ্রী দাশ ও তার দল।