Published : 07 Jan 2026, 09:11 PM
কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছে ইউএনবির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুদ্দিন।
বুধবার গঠিত নতুন কমিটিতে তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা ইমরুল কায়েস।
এদিন ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ডিক্যাবের সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন হয়।
নির্বাচনে সভাপতি পদে মঈনুদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী। আর সাধারণ সম্পাদক পদে ইমরুলের সঙ্গে ভোটে ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক, আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন এবং ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান ঊর্মি।
নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের কূটনৈতিক প্রতিবেদক আবেদা সুলতানা মুক্তা। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন খবরের কাগজের রবিউল হক।
নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান, দপ্তর সম্পাদক পদে আলাপ ডট নিউজের নাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে দীপ্ত টেলিভিশনের মো. রুবায়েত হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক জবাবদিহির আতিকুর রহমান, সময়ের আলোর এমএকে জিলানী, দৈনিক আমার দেশের বশীর আহমেদ, চ্যানেল আইয়ের পান্থ রহমান এবং আমাদের নতুন সময়ের খুররম জামান।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা হয়। সভায় সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন এবং কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।