২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শিট মাস্ক নাকি ক্রিম-ভিত্তিক মাস্ক- ত্বকের জন্য কার্যকর কোনটি?

প্রয়োজন ও ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 06:44 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ত্বক পরিচর্যা বিলাসিতা নয়, বরং এটি নিজের যত্নেই অংশ। তবে অনেক ধরনের পণ্যের মধ্যে কোনটি ত্বকের জন্য আসলে প্রয়োজনীয় আর কোনটি অতিরিক্ত সেই ধারণা থাকা জরুরি। বিশেষ করে মুখের যত্নে ব্যবহৃত মাস্ক।

ত্বকের জন্য মূলত দুই ধরনের মাস্কই বেশি ব্যবহার হয়। একটি পাতলা কাপড়ের মতো- যাকে বলে শিট মাস্ক। এটি মুখের ওপর দিয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হয়।

অন্যটি হল ক্রিম-ধর্মী মাস্ক যা কিছু সময় পরে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়।

রূপবিশারদদের মন্তব্য- উপকার কোনটাতে বেশি, তা মূলত নির্ভর করে ত্বকের ধরন ও প্রয়োজনের ওপর।

শিট মাস্ক যেভাবে কাজ করে

শিট মাস্ক হল এমন এক ধরনের পাতলা আবরণ, যা বিশেষ সেরাম-ভিত্তিক উপাদানে ভিজিয়ে রাখা হয় এবং সরাসরি মুখের ত্বকে বসানো হয়।

শিট মাস্ক মুখের গড়নের সঙ্গে মিলিয়ে, যেমন- চোখ, নাক ও মুখের জায়গা রেখেই তৈরি হয় যেন চোখে দেখতে বা শ্বাস নিতে কোনো সমস্যা তৈরি না হয়।

ত্বকের যত্নে নির্দিষ্ট সময় ধরে শিট মাস্ক ব্যবহার করা জরুরি।

বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, “এই ধরনের মাস্ক ত্বকের ওপর একটি ধরনের আবরণ তৈরি করে এবং ত্বকের গভীরে এই উপাদানকে পৌঁছাতে সাহায্য করে। শিট মাস্ক ত্বককে দ্রুত আর্দ্র এবং কিছুটা সময়ের জন্য সতেজ ও উজ্জ্বল করতে সাহায্য করে। আর নিয়মিত ব্যবহারে ত্বকে পরিবর্তনও আসে।”

যে ধরনের ত্বকের জন্য উপযোগী এই মাস্ক

“ত্বক শুষ্ক বা কিছুটা মিশ্র ধরনের হলে এই মাস্ক বেশ কার্যকর। কারণ শিট মাস্ক ত্বকে আর্দ্রতা যোগায়। আবার অতিরিক্ত তেলতেলে ভাবও তৈরি করে না”- বলেন শারমিন কচি।

দীর্ঘ ভ্রমণ, ক্লান্তি বা আবহাওয়ার পরিবর্তনে ত্বক যখন নিস্তেজ হয় তখন এই মাস্ক দ্রুত আরাম দিতে পারে।

মানে হল, এটি ত্বককে সাময়িকভাবে উজ্জ্বল করে। বিশেষ করে যখন দ্রুত ফল দরকার তখন এটি ভালো সমাধান হতে পারে।

ধুয়ে ফেলা মাস্কের কার্যকারিতা

অন্যদিকে, ধুয়ে ফেলা মাস্ক সাধারণত ঘন, ক্রিমি বা মাটির মতো উপাদান দিয়ে সাধারণত তৈরি হয়।

মুখে লাগিয়ে কিছু সময় রেখে পরে পানি দিয়ে এই মাস্ক পরিষ্কার করতে হয়। এই ধরনের মাস্ক ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার করতে এবং নির্দিষ্ট সমস্যার সমাধানেও কাজ করে।

“এর উপাদান ত্বকের অতিরিক্ত তেল কমাতে, রোমকূপ পরিষ্কার রাখতে এবং মৃত কোষ দূর করতেও ভালো কাজ করে”- মন্তব্য করেন এই রূপ-বিশারদ।

যে ধরনের ত্বকের জন্য ভালো

শারমিন কচি বলেন, “যদি কারও ত্বকে নির্দিষ্ট সমস্যা থাকে, যেমন- ব্রণ বা অতিরিক্ত তৈলাক্ত ভাব, তাহলে ধুয়ে ফেলা মাস্ক বেশি উপযোগী। কারণ এতে এমন উপাদান থাকে, যা ত্বকের এ ধরনের সমস্যা কমাতে ভালো কাজ করে।”

বিশেষ করে কিশোর-কিশোরী এবং তৈলাক্ত ত্বকে বেশি কার্যকর ফল মেলে।

অর্থাৎ দুই ধরনের মাস্কই কার্যকর, তবে ব্যবহারের সহজতার দিক থেকে শিট মাস্ক আরামদায়ক। কারণ এটি আগে থেকেই প্রস্তুত থাকে, ব্যবহার করা সহজ এবং একবার ব্যবহারযোগ্য হওয়াতে পরিষ্কার করার ক্ষেত্রেও সুবিধাজনক।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং সহজেই প্রতিদিনের যত্নের অংশ হিসেবে ব্যবহার করা যায় শিট মাস্ক।

প্রয়োজন অনুযায়ী নির্বাচন

ত্বক শুষ্ক ও নিস্তেজ হলে শিট মাস্ক দ্রুত আর্দ্রতা ও উজ্জ্বলতা এনে দিতে পারে। অন্যদিকে, যদি ত্বক গভীর পরিষ্কার বা ব্রণ কমানো উদ্দ্যেশ হয় তবে ধুয়ে ফেলা মাস্কই বেশি কার্যকর। কারণ এর উপাদান ত্বক পরিষ্কারের উপযোগী।

ব্যবহারের ক্ষেত্রে লাগবে সতর্কতা

প্রয়োজন বুঝে মাস্ক যেটিই ব্যবহার করা হোক না কেন সঠিক সময় ও নিয়ম মেনে ব্যবহার জরুরি।

“শিট মাস্ক বেশি সময় মুখে রেখে দিলে এটি উল্টো ত্বক থেকে আর্দ্রতা টেনে নিতে পারে। একইভাবে, ধুয়ে ফেলা মাস্ক খুব ঘন ঘন ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে” বলেন শারমিন কচি।

আরও পড়ুন

‘শিট মাস্ক’ কি আসলেই ত্বকে জন্য উপকারী?

বাহুমূলের উপযোগী মাস্ক

বহুমুখী মাস্ক ব্যবহারের উপকারিতা

ত্বক উপযোগী মাস্ক