Published : 04 Jun 2026, 04:41 PM
বাজারের কেমিক্যালযুক্ত পণ্যের চেয়ে, প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক ও চুলের যত্ন নেওয়া উপকারী।
উপাদানগুলো যেমন সাশ্রয়ী তেমনি বানানো সহজ।
ত্বকের যত্ন
স্ট্রবেরি ও রাইস পাউডার গ্লো প্যাক
‘টিনভোগ ডটকম’য়ে হলিউডরে সেলিব্রিটি ফেইশলিস্ট জোয়ানা ভার্গাস ত্বক উজ্জ্বল করতে এই রেসিপি দিয়েছেন।
উপাদান: ১/৪ কাপ চটকানো পাকা স্ট্রবেরি, ৩ টেবিল-চামচ টক দই, ১ টেবিল-চামচ চালের গুঁড়া।
বানানোর নিয়ম: উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে।
জোয়ানা বলেন, “গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বকের তেলগ্রন্থিগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। স্ট্রবেরি সব ধরনের ত্বকের জন্য দারুণ কাজ করে। কারণ এতে থাকা প্রাকৃতিক স্যালিসিলিক অ্যাসিড ‘পোরস’ বা লোমকূপ পরিষ্কার করে ত্বক করে উজ্জ্বল।”
শসা, পুদিনা ও টকদইয়ের আর্দ্রতা রক্ষার প্যাক
“রোদের তীব্র তাপে ত্বক যখন ক্লান্ত ও কালচে হয়ে যায়, তখন এই প্যাক জাদুর মতো কাজ করে। শসা ও পুদিনা ত্বককে সাথে সাথে ঠাণ্ডা অনুভূতি দেয়। আর টক দই রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করে”, ‘ভোগইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এভাবেই মন্তব্য করেন বলিউডের পরিচিত ত্বকপরিচর্যাকর আলাইয়া এফ।
উপাদান: আধা কাপ কুচি করা শসা, কয়েকটি পুদিনা পাতা কুচি, ১ টেবিল-চামচ মধু এবং ১ টেবিল-চামচ ঘন টক দই।
বানানোর নিয়ম: টক দই ও শসা-কুচি মিশিয়ে, পুদিনা পাতা পিষে রস বা পাল্প তৈরি করে মধু-সহ মিশ্রণটিতে দিয়ে ভালো করে ফেটিয়ে মুখে ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। তারপর ধুতে হবে সাধারণ পানি দিয়ে।
চুলের যত্ন

ডিপ কন্ডিশনিং কোকোনাট মিল্ক মাস্ক
কেশ পরিচর্যা-বিষয়ক আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ড. আলকা রাস্তোগি ‘হিন্দুস্তানটাইম ডটকম’য়ে দিয়েছেন চুল পরিচর্যার এই রেসিপি।
উপাদান: ১ কাপ খাঁটি নারিকেলের দুধ, ২ টেবিল-চামচ তাজা অ্যালোভেরা জেল এবং ৪টি জবা ফুল ও পাতা।
বানানোর নিয়ম: নারিকেলের দুধ হালকা গরম করেই অ্যালোভেরা এবং জবা ফুল-পাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটি চুলে ও মাথার ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে ফেলতে হবে।
ডা. আলকা বলেন, “গরমে বা তাপে চুলের ফলিকলগুলো আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। নারিকেলের দুধ ও জবা ফুলের এই মিশ্রণ চুলে গভীর থেকে পুষ্টি জোগায় এবং মাথার ত্বকের অতিরিক্ত উত্তাপ ও প্রদাহ দ্রুত কমিয়ে দেয়।"
দারুচিনি ও নারিকেল তেলের হেয়ার গ্রোথ মাস্ক
‘টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে লন্ডনভিত্তিক হেয়ার থেরাপিস্ট মেলানি স্মিথ বলেন, “গরমে অনেকেরই চুল পড়ার সমস্যা বাড়ে। দারুচিনি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে উদ্দীপক হিসেবে কাজ করে, যা নতুন চুল গজাতে সাহায্য করে। আর নারিকেল তেলের ফ্যাটি অ্যাসিড চুল ভেঙে যাওয়া রোধ করতে পারে।”
উপাদান: ১ চা-চামচ গুঁড়া দারুচিনি এবং ১ টেবিল-চামচ কোল্ড-প্রেসড নারিকেল তেল।
বানানোর নিয়ম: উপাদান দুটি ভালো করে মিশিয়ে চুলে বিলি কেটে একদম গোড়ায় আলতো হাতে মালিশ করতে হবে। ৩০ থেকে ৪৫ মিনিট রেখে কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন
গরমে চুল ও ত্বক ভালো রাখতে যেসব নিয়ম মানা উপকারী