Published : 20 Nov 2025, 03:26 PM
চুলে রং লাগানো মানেই একটি রাসায়নিক প্রক্রিয়ায় অংশ নেওয়া। তাই প্রশ্ন থাকে: কত ঘন ঘন রং করা উচিত? বেশি করলে কি চুলের ক্ষতি হয়?
বিশেষজ্ঞদের মতে- হ্যাঁ, পরে একসময় ক্ষতি হতে পারে। তবে সঠিক সময়ের ব্যবধানে চুল রাঙালে সেই ঝুঁকি অনেকটাই কমে যায়।
চুলের গোড়া, দৈর্ঘ্য, সাদা চুল ঢেকে রাখা প্রত্যেকটিরই সময়সীমা আলাদা। তাই চুল স্বাস্থ্যকর রেখে নিয়মিত রং বজায় রাখার উপায় জানতে হবে।
চুল রাঙানোর মধ্যে কতদিন বিরতি রাখা উচিত
চুল রাঙানোর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে সাধারণভাবে চার সপ্তাহের আগে চুলে রং না লাগানোর পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা ফারহানা রুমি।
তিনি বলেন, “যদি চুলে স্বাভাবিক, কিছুটা ঢিলেঢালা রংয়ের ছাপ রাখার ইচ্ছা থাকে, তাহলে রং করার সময় আরও বাড়িয়ে দেওয়া ভালো। এতে চুলের ওপর রাসায়নিক চাপও কমবে।"
চার থেকে ছয় সপ্তাহের ব্যবধান চুলকে পর্যাপ্ত সময় দেয় নিজের স্বাভাবিক শক্তি ফিরে পেতে। বারবার রং করলে চুলের কিউটিকল দুর্বল হয়। ফলে রুক্ষতা, ভাঙন, ঝরঝর ভাব দেখা দিতে পারে।
গোড়া রাঙানো কতটা নিরাপদ এবং কতদিন পর করা যায়
গোড়া রং করা পুরো চুল রাঙানোর তুলনায় নিরাপদ। কারণ রং শুধু নতুন চুলে লাগে। আর দশ থেকে চৌদ্দ দিন পরপর গোড়া রাঙানো নিরাপদ— তবে ভুলেও যেন পুরানো রং করা অংশে রং না লাগে।
যারা খুব দ্রুত গোড়ায় সাদা বা কালো রং বেরিয়ে আসতে দেখেন, তাদের জন্য সাময়িক রংয়ের স্প্রে অনেক ভালো বিকল্প হতে পারে।
কারণ যত কম রং করা যায় চুলের ওপর চাপ তত কম হবে। তাই ঘন ঘন গোড়া রাঙানোর প্রয়োজন হলে ভালো মানের ‘রুট–টাচআপ স্প্রে’ ব্যবহার করা যায়। এতে রং ব্যবহারের সময় বেড়ে যায়।
সাদা চুল ঢাকতে কত ঘন ঘন রং করা উচিত
সাধারণত মাসে আধা ইঞ্চি চুল বাড়ে। কারও একটু বেশি বা কম হতে পারে। তাই চুল কীভাবে বাড়ে তার ওপর নির্ভর করবে কত দ্রুত সাদা চুল রাঙাতে হবে।
কেউ দুই সপ্তাহেই বিরক্ত হয়ে যান, কেউ আবার চার–ছয় সপ্তাহও আরামে থাকেন।
তাই এখন অনেকেই কম রক্ষণাবেক্ষণ–নির্ভর রং পদ্ধতি মেনে চলেন। যেখানে পুরোটা চুলই কালো বা বাদামি করে ফেলতে হয় না। বরং ধূসর চুলের সঙ্গে মানানসইভাবে রং মিশিয়ে দেওয়া হয়।
এতে চুলে স্বাভাবিক রূপ থাকে এবং রং করার সময়ও বাড়ে।
দুই সপ্তাহ পর পর রং করা কি ঠিক?
বিশেষজ্ঞ ফারহানা রুমি এটি সমর্থন করেন না। কারণ রং করার সঙ্গে সঙ্গে চুল রাসায়নিকভাবে দুর্বল হয়।
দুই সপ্তাহ পর আবার রং লাগালে চুলে ভাঙন, শুষ্কতা, ঘন ঘন পড়ে যাওয়া বা অতিরিক্ত রুক্ষতা দেখা দিতে পারে।
ঘরে বসে চুল রাঙানোর ক্ষেত্রে সময়সীমা
ঘরে রং করলেও নিয়ম একই— চার থেকে ছয় সপ্তাহের আগেই পুরো চুলে রং দেওয়া উচিত নয়।
গোড়া রাঙানোর ক্ষেত্রে দশ থেকে চৌদ্দ দিন ব্যবধান অবশ্যই রাখতে হবে।
এই বিশেষজ্ঞ মনে করেন, “ঘন ঘন ঘরে রং করলে চুলে রংয়ের আস্তরণ জমে যায়, যা দেখতে অনেক সময় অস্বাভাবিক লাগে— অতিরিক্ত চকচকে বা ঘন দেখাতে পারে।”
আরও পড়ুন
বাসায় চুল রং করার ক্ষেত্রে যা মাথায় রাখা উচিত
রং করা চুলে যেভাবে যত্ন নিতে হয়