১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিশ্র আবহাওয়ায় ক্যাপসুল ওয়ার্ড্রোব ফ্যাশন

অল্প ও বাছাই করা মৌলিক পোশাকের এমন একটি সংগ্রহ, যা মিলিয়ে পরার কৌশলে সাজে ভিন্নতা আনা যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 05:24 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

বর্ষার বৃষ্টি, হঠাৎ রোদ, আবার কখনো আর্দ্র গরম। সকালে ছাতা নিয়ে বের হলেও, দুপুরে রোদে ঘামতে হয়। আবার বিকেলে নেমে আসে বৃষ্টি।

এমন পরিবর্তনশীল আবহাওয়ায় প্রতিদিনের পোশাকে দরকার ক্যাপসুল ওয়ার্ড্রোব্ ফ্যাশন।

এই ফ্যাশন ধারণা গুরুত্ব দেয় অল্পসংখ্যক, তবে বহুমুখী পোশাক দিয়ে নানান ধরনের সাজ তৈরিতে। ফলে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলাও সহজ হয়, আবার অপ্রয়োজনীয় কেনাকাটাও কমে।

দেশীয় ফ্যাশন ঘর কে ক্র্যাফটের পরিচালক খালিদ মাহমুদ বলেন, “অল্প কিন্তু বহুমুখী পোশাক ফ্যাশনের মূল উদ্দেশ্যই হল এমন কিছু পোশাক বেছে নেওয়া, যেগুলো একটির সঙ্গে আরেকটি সহজেই মানিয়ে যায়। এতে পোশাকের সংখ্যা কম হলেও ব্যবহারিক দিক থেকে বেশি কার্যকর হয়।”

তিনি আরও বলেন, “মৌসুমি পোশাক নির্বাচন করার সময় এমন পোশাককে গুরুত্ব দেওয়া উচিত, যা দিনের বিভিন্ন সময় এবং বিভিন্ন পরিবেশে সমানভাবে ব্যবহার করা যায়।”

ক্যাপসুল ওয়ার্ড্রোব্‌ ফ্যাশন বলতে যা বোঝায়

‘হুহোয়াটওয়ার ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়, ক্যাপসুল ওয়ার্ড্রোব্ ফ্যাশন বলতে এমন একটি পোশাক সংগ্রহকে বোঝায়, যেখানে সীমিত সংখ্যক পোশাক, জুতা ও অনুষঙ্গ একে অপরের সঙ্গে সহজেই মিলিয়ে পরা যায়।

এখানে পোশাকের সংখ্যা নয়, বরং ব্যবহারযোগ্যতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অর্থাৎ এমন কিছু জামা, প্যান্ট, কুর্তা, শার্ট কিংবা ওড়না থাকবে, যেগুলো ভিন্ন ভিন্নভাবে মিলিয়ে বহু ধরনের সাজ তৈরি করা সম্ভব।

এতে প্রতিদিন নতুন পোশাকের প্রয়োজন হয় না, আবার পোশাক নির্বাচনেও সময় কম লাগে।

কোন ধরনের পোশাক রাখা উচিত

খালিদ বলেন, “পরিবর্তনশীল আবহাওয়ার জন্য হালকা, বাতাস চলাচল করতে পারে এমন কাপড়ের পোশাক সবচেয়ে উপযোগী।”

সুতি ও লিনেন কাপড়ের পোশাক শরীরকে তুলনামূলক আরাম দেয় এবং আর্দ্র আবহাওয়াতেও স্বস্তি বজায় রাখতে সাহায্য করে।

একটি হালকা রংয়ের শার্ট, সাদা বা নিরপেক্ষ রংয়ের ওপরের পোশাক, ঢিলেঢালা পায়জামা বা প্যান্ট, হালকা হাতা এবং সহজে বহনযোগ্য ওড়না বা স্কার্ফ থাকলে দিনের প্রয়োজন অনুযায়ী সাজ পরিবর্তন করা সহজ হয়।

অর্থাৎ খুব বেশি সাজসজ্জা ছাড়াই পরিপাটি দেখায় এমন পোশাকই এ ফ্যাশনের অংশ।

নিরপেক্ষ রং কেন বেশি কার্যকর

ক্যাপসুল ওয়ার্ড্রোব্ ফ্যাশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল, রং নির্বাচন।

সাদা, অফ-হোয়াইট, বেইজ, ধূসর, হালকা বাদামি, কালো কিংবা হালকা নীলের মতো নিরপেক্ষ রংয়ের পোশাক সহজেই অন্য রংয়ের সঙ্গে মানিয়ে যায়।

নিরপেক্ষ রংয়ের পোশাক একাধিকবার পরলেও একঘেয়ে লাগে না। একই পোশাক ভিন্ন ওড়না, ব্যাগ বা জুতার সঙ্গে মিলিয়ে পরার পরামর্শ দেন, এই ফ্যাশন বিশেষজ্ঞ।

এছাড়া হালকা রংয়ের পোশাক তুলনামূলক আরামদায়কও। কারণ এই রং রোদের তাপ কম শোষণ করে এবং গরমের অনুভূতিও কিছুটা কমাতে সহায়ক।

স্তরে স্তরে পোশাক পরার কৌশল

মিশ্র আবহাওয়ায় একাধিক স্তরে পোশাক পরার অভ্যাসও বেশ কার্যকর। সকালে গরম থাকলে হালকা পোশাক পরা যায়। আবার শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বা সন্ধ্যার দিকে হালকা হাতাওয়ালা ওপরের পোশাক ব্যবহার করলে আরাম পাওয়া যায়।

এভাবে প্রয়োজন অনুযায়ী একটি স্তর যোগ বা বাদ দেওয়া যায়। ফলে আলাদা আলাদা পোশাক সঙ্গে রাখাও প্রয়োজন পড়ে না।

কম পোশাকে বেশি ব্যবহার

ক্যাপসুল ওয়ার্ড্রোব্ ফ্যাশনের সুবিধা হল, এতে অপ্রয়োজনীয় কেনাকাটা কমে যায়। যা অনেকটা পরিবেশবান্ধব ফ্যাশনও বটে।

কারণ এতে পোশাকের অপচয় কমে, টাকাও সাশ্রয় হয় আবার একই সঙ্গে পোশাকের ব্যবহারও দীর্ঘস্থায়ী হয়।

আরও পড়ুন

গরম ও বর্ষায় স্বস্তি: লিনেন কাপড়ের যত্নআত্তি

ফ্যাশনে বাঁধনহারা রূপ: বোহেমিয়ান সাজে দেশি বাটিকের গয়না

কম বাজেটে যেভাবে ট্রেন্ডি থাকা যায়