২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাকরাইন’- ঘুড়ি ওড়ানোর উৎসব

পৌষের শেষ দিনে নবাবি আমল থেকেই ঘুড়ি ওড়ানোর চল রয়েছে, যা ‘সাকরাইন’ নামে পরিচিত।

বিডিনিউজ২৪

রিদওয়ান আক্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 02:23 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ঢাকায় এক সময় অনেক ধরনের বিনোদন প্রচলন ছিল, যার মধ্যে অনেকগুলোই সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে গেছে।

আবার অনেক বিনোদন চালু হয়েছিল নবাব, নায়েব-ই-নাযিম অথবা প্রভাবশালী জমিদারদের মাধ্যমে। নবাবরা সে আমলে নিজেদের বিনোদনের জন্যে নৌকা বিহার, নৌকা বাইচ, বুলবুলির লড়াই, নাচ-গান, তাসখেলা, ঘুড়ি উড়ানো প্রভৃতির আয়োজন করতেন।

এসব বিনোদনগুলো বিস্তৃতি লাভ করে মূলত নবাব, জমিদার আর ধনী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে। পরে এসব বিনোদনগুলো ধীরে ধীরে জনগণের কাছে সহজলভ্য হয়ে ওঠার সঙ্গে হয়ে ওঠে জনপ্রিয়।

এক রাজপুত্র এবং তার সঙ্গী নিয়ে ঘুড়ি উড়াচ্ছেন। ভারভাল রাগপুত্র, একটি রাগমালা সিরিজ থেকে নেওয়া। নূরপুর, ভারত, সময়কাল আনুমানিক ১৭৪০।

এক রাজপুত্র এবং তার সঙ্গী নিয়ে ঘুড়ি উড়াচ্ছেন। ভারভাল রাগপুত্র, একটি রাগমালা সিরিজ থেকে নেওয়া। নূরপুর, ভারত, সময়কাল আনুমানিক ১৭৪০।

তখনকার শৌখিন নবাব আর ধনীদের যুগ চলে গেলেও সেসব বিনোদনগুলো রয়ে যায় জনসাধারণের মা‌ঝে। তাদের পরিবর্তিত রূপ নিয়ে। ঘুড়ি ওড়ানো তেমনি একটা বিনোদন।

ঠিক কবে থেকে ঘুড়ি ওড়ানোর প্রচলন হয়েছিল তা জানা না গেলেও, ধারণা কর হয় নবাব সিরাজউদ্দৌলার চাচা এবং ঘ‌ষে‌টি বেগমের স্বামী নায়েব-ই-নাযিম নওয়াজিস মুহাম্মদ খানের আমল (১৭৪০-১৭৫৪) থেকে এখানে ঘুড়ি ওড়ানোর প্রচলন হয়।

ঢাকায় ঘুড়ি ওড়ানো ছিল খুব জনপ্রিয় উৎসব; যা সাধারণত শীত মৌসুমেই হত।

পৌষ সংক্রান্তি ও শ্রী পঞ্চমীতে দেখা যেত প্রায় প্রত্যেকটি বাড়ির ছাদে বা ময়দানে ছেলে-বুড়ো মিলে ঘুড়ি ওড়াচ্ছে।

দোকানে নানান রং-বেরংয়ের ঘুড়ি পাওয়া যেত। অনেক ঘুড়ি লাটাইয়ের দোকান ছিল তখন ঢাকায়। এখনও কিছু কিছু দোকান রয়েছে পুরান ঢাকায়। এসবের ওপর তখন আলাদা পেশাজীবী গড়ে ওঠেছিল। ঢাকার আশপাশের গ্রামগুলোতে প্রধানত বসন্তকালে এ খেলা অনুষ্ঠিত হত।

১৮৩৯ সা‌লে ঢাকার সিভিল সার্জন জেমস টেলর লিখেছেন, ‘সাধারণত চড়ক পূজার প্রথমদিনে আবাল-বৃদ্ধ-বনিতা মিলে বহুলোক ঘুড়ি উড়ানোর জন্যে গ্রামগুলোতে খোলা ময়দানে সমবেত হত। মাঝে মাঝে এসব সমাবেশে তিনশো'রও বেশি লোককে এ খেলায় মত্ত থাকতে দেখা যেত। এ দিনটিতে হিন্দুরা ভাতের পরিবর্তে 'ছাতু' খেয়ে থাকত। আর আকাশে ঘুড়ি উড়ানোর আগে ঘুড়ির দিয়ে পাখিদের উড়ার অনুকরণে কিছু ভঙ্গির অভিনয় করিয়ে নেওয়া হত।’

ঘুড়ির যুদ্ধ। সম্ভবত মুহাম্মদ ফকিরুল্লাহ খানের আঁকা। ফরুখাবাদ, উত্তর প্রদেশ, ভারত, ১৭৬০-৭০ সাল।

ঘুড়ির যুদ্ধ। সম্ভবত মুহাম্মদ ফকিরুল্লাহ খানের আঁকা। ফরুখাবাদ, উত্তর প্রদেশ, ভারত, ১৭৬০-৭০ সাল।

ঢাকায় এবং সারা বাংলাদেশে ঘুড়ি সাধারণত লাটাইয়ের সাহায্যেই উড়ানো হয়ে থাকে। অন্যদেশে ঘুড়ি সাধারণত খালি হাতেই উড়ানো হয়।

বর্তমানকালের লাটাইগুলো প্রায় অতীতের লাটাইগুলোর মতোই। বাঁশের তৈরি লাটাইগুলো হালকা এবং মজবুত। ভালো লাটাইয়ের মূল্য সাধারণত বেশি। লাটায়ের আকার ও আকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত ওজনের সমতাসহ ঘুড়ি বানানো হয়ে থাকে।

লাটাইয়ের পর যে বিষয়টি আসে সেটি হচ্ছে সুতা। প্রথমদিকে বাংলাদেশের মানুষেরা পাট থেকে তৈরি এক ধরনের সরু স্থানীয় সুতার সাহায্যে ঘুড়ি উড়াত। ঘুড়ির কাটাকাটি খেলার ক্ষেত্রে আরেকটি প্রয়োজনীয় বিষয় হচ্ছে সুতায় 'মানষা' দেওয়া।

'মানষা' দেওয়ার ব্যাপারটা আগে যা যা করা হয়ে থাকত এখনও প্রায় তাই করা হয়ে থাকে। প্রথমে কাচের মিহি গুঁড়া তৈরি করা হয়। সিরিষের আঠার মধ্যে পছন্দই রং মিশিয়ে জ্বাল দেওয়া হল। লাটাইয়ে সুতা পেঁচিয়ে তা কাচের গুঁড়ার মধ্যে দিয়ে চালনা করা হয়।

একাজ অনেক সময় একাধিক লাটাইও ব্যবহার করা হয়ে থাকে। তারপর সেই কাচ মিশ্রিত সুতা রোদে শুকাতে দেওয়া হয়। শুকানোর পর এ সুতা ব্যবহার উপযোগী হয়ে ওঠে।

সুতার পর অবশেষে আসে ঘুড়ি তৈরির ব্যাপারটি। ঘুড়ির আসল জিনিস হচ্ছে ধনুক। এ ধনুকে তৈরিতে ব্যবহার করা তল্লাবাঁশ খুবই যত্নের সঙ্গে তৈরি করা হয়। এটাকে এমনভাবে চাঁছা হয়, যেন পরিপূর্ণ সমতা থাকে। যেন কোনও দিকেই কাত না হয় বা ভারসাম্য বরাবর থাকে।

ভালো ধনুকের ঘুড়ি অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি হয়ে থাকে। রংয়ের বিবেচনায় এবং আকৃতির কারণে ঘুড়ির বেশ কিছু নাম রয়েছে।

এখনকার ঘুড়িরগুলো সাধারণত এক রঙা বা সাদাসিধে ধরনের হয়ে থাকে; তবে আগের দিনের ঘুড়ির ওপর সুন্দর সুন্দর নকশা করা হত এবং এক একটি ঘুড়ি ছিল সমসাময়িক কালের শিল্পকলার উত্তম নিদর্শন।

এখন দেখা যাক আগের দিনে ঘুড়ি উড়ানোর খেলা কীভাবে খেলা হত।

উনিশ শতকের ঘুড়ি উড়ানো সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় ঢাকার আদি বা‌সিন্দা হৃদয়নাথের বর্ণনা থেকে।

তিনি লিখেছেন, ‘আগে ধনী লোকেরা পরস্পরকে এ ব্যাপারে চ্যালেঞ্জ দিয়ে পৌষের যে কোনও নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে উপস্থিত হতেন। দু'দলেই থাকতো ডজন খানেক 'খলিফা'। 'খলিফা' হল যে ঘুড়ি তৈরি করে এবং উড়ানোর সময় খুঁটিনাটির দিকে লক্ষ্য রাখে। চ্যালেঞ্জের খেলার সময় থাকতেন নিরপেক্ষ বিচারক।

এ সম্পর্কে আরও কিছু ধারণা পাওয়া যায় হাকীম হাবিবুর রহমানের বর্ণনা থেকে। তার বর্ণনাও প্রায় হৃদয়নাথের মতোই; ‘ঘুড়ি উড়ানোর সবচেয়ে মজা হতো দলাদলিতে বা প্রতিদ্বন্দ্বীতার মধ্যে। এই প্রতিদ্বন্দ্বীতা মাসব্যাপী চলতো প্রত্যেক দলের কাছে নির্দিষ্ট লাটাই থাকত অর্থাৎ নির্দিষ্ট সংখ্যকের বেশি ঘুড়ি উড়াতে পারত না।’

পৌষ সংক্রান্তিতে এখনও পুরনো ঢাকায় ঘুড়ি উড়ানোর উৎসব উদ্যাপন করা হয়ে থাকে। তবে হয়ত পুরানো ঐতিহ্যের মতো আর সেই জমকালো-ভাব নেই।

সে আমলেই হৃদয়নাথ লিখেছি‌লেন, ‘যখন প্রথম ঢাকায় আসি (১৮৬৫ এর দিকে) তখন এটা ছিলো দারুণ জনপ্রিয়। এখন (বিশ শতকে) উচ্চ শিক্ষার জন্যে এর জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে।’

বেগমদের সাথে নিয়ে নবাবদের ঘুড়ি উড়ানোর দৃশ্য।

বেগমদের সাথে নিয়ে নবাবদের ঘুড়ি উড়ানোর দৃশ্য।

তারপরেও ঘুড়ি উড়ানোর উৎসব কোনও মতে টিকে আছে। উৎসবের দিন পুরান ঢাকার পাড়া-মহল্লায় সব বাড়ির ছাদে যেন শিশু-কিশোরদের মেলা বসে যায়। সবার হাতেই থাকে লাটাই ও ঘুড়ি। বিভিন্ন রং-বেরংয়ের ঘুড়িতে আকাশ ভরে যায়। আর সে সঙ্গে চলে ঘুড়ির কাটাকুটি খেলা।

তবে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই চিত্রটা কিছুটা পরিবর্তিত হয়েছে। সন্ধ্যার পর পুরান ঢাকার বাড়ির ছাদগুলোতে আয়োজন করা হয় ডিজে পার্টি এবং আতশবাজির। এগুলো অবশ্য কোনোভাবেই আদি ঢাকার পৌষ সংক্রান্তির সাথে যায় না।

লেখক পরিচিতি: ইতিহাস গবেষক রিদওয়ান আক্রাম বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধ রচনার পাশাপাশি সাংবাদিকতায় পেশায় জড়িত। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ঢাকার ঐতিহাসিক নিদর্শন, ঢাকার কোচোয়ানরা কোথায়, ড’য়লির ঢাকা, ঘটনা সত্যি, পুনশ্চ ঢাকা। ঢাকাই খাবার, ঢাকা কোষ (যৌথ)- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত।

আরও পড়ুন

গহনার সেকাল একাল

পহেলা বৈশাখের ময়নাতদন্ত

বৈশাখে বাংলা খাবারের একাল সেকাল