২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃক্ষমেলা ২০১৫

আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই একমাসেরও বেশি সময় ধরে চলছে এই বছরের বৃক্ষ ও পরিবেশ মেলা। তবে ভেতরের সকল কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঘর সাজানোর গাছ। আরও আছে বীজ, সার ও বাগান করার বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 04:27 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

পহেলা জুন থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে এই মেলার আয়োজন করা হয়েছ।

এবারের মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে বসানো হয়েছে মোট ৯০টি স্টল। আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় এবং ঈদের কারণে জমে ওঠেনি এবারের বৃক্ষমেলা, এমনটাই আক্ষেপ করলেন স্টল মলিকরা। এমনকি মেলা কতদিন চলবে সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য নেই স্টল মালিক কিংবা কতৃপক্ষের কাছে।

পাঁচ হাজারেরও বেশি গাছ নিয়ে স্টল সাজিয়েছে উত্তরার বিএফএল সবুজ নার্সারি, জানালেন এর বিক্রয়কর্মী মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, “ফুলের গাছগুলোর দাম পড়বে ৬০ থেকে ১ হাজার টাকা। এরমধ্যে রঙ্গন, কনকচাঁপা, মধুমালতি ফুলের গাছ সবচেয়ে বেশি জনপ্রিয় আমাদের স্টলে।”

“ফলের গাছের মধ্যে জাম্বুরা, আম, পেয়ারা, মাল্টা বিক্রি হচ্ছে বেশি। ফলের গাছগুলোর দাম ২শ’ থেকে ১৫ হাজার টাকা। স্টলের সবচেয়ে দামি গাছটি বনসাঁই। ৬৫ বছর বয়সি নলিনি গাছের বনসাঁইটির দাম ৩ লাখ টাকা।” বললেন রহমান।

প্রতিবিন্ধীদের সন্দীপন স্কুলের অনুভব নার্সারির স্টলে মিলবে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির গাছ। ১৯৯০ সালে চালু হওয়া এই স্কুলের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রতিবছরই মেলায় অংশ নেয়।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাসুদ ফারুক রহমান বলেন, “মোট পাঁচশ ধরনের ফুলের গাছ আছে আমাদের সংগ্রহে। অর্কিডের মধ্যে দেশি অর্কিডই বেশি রাখার চেষ্টা করি আমরা। দাম দুইশ থেকে তিনশ’ টাকা”

তিনি আরও বলেন, “ঘর সাজানোর জন্য ঝুলন্ত লতানো গাছগুলোর দাম পড়বে দুইশ টাকা। ফুলসহ ক্যাকটাসের দাম পড়বে আড়াইশ টাকা, আর ফুলছাড়া ক্যাকটাসের দাম একশ টাকা থেকে তিনশ টাকা।”

স্কয়ারের স্টলে দেখা দেখা মিলবে এয়ার প্ল্যান্টের সঙ্গে। সম্পূর্ণ বাতাসের উপর নির্ভরশীল এই লতানো গাছের দাম একশ টাকা।

রঙ্গনের সংগ্রহ দেখতে ঢুকে পড়তে পারেন আশুলিয়া গার্ডেনের স্টলে। বিভিন্ন রঙের রঙ্গন মিলবে এখানে, দাম একশ থেকে ৩শ’ টাকা। এছাড়াও ৪শ’ টাকায় মিলবে থাই জবা ফুল।

মেলায় সব স্টলেই মিলবে প্রচুর ফলের গাছ। এমনই একটি স্টল তরুলতা নার্সারি। আছে ৪০ ধরনের ফলের গাছ। আম গাছের দাম ১শ’ থেকে ১২শ’ টাকা। পেয়ারার গাছ পাওয়া যাবে ১শ’ থেকে ৫ হাজার টাকা। মাল্টা গাছের দাম ৪ হাজার টাকা। করমচা দেড় হাজার টাকা।

১৬ হাজার গাছ নিয়ে স্টল বসিয়েছে ব্র্যাক। গৌরমতি নামক নতুন এক আমের চারা নিয়ে এসেছে তারা, দাম ১ হাজার টাকা। স্টলে ক্যাকটাসই বেশি, দাম আড়াইশ থেকে পাঁচশ টাকা। আর বনসাঁই পাওয়া যাবে ৪শ’ থেকে দেড় লাখ টাকায়।

মেলায় ঢুকতেই হাতের ডানে চোখে পড়বে জাতীয় উদ্ভিদ উদ্যান এবং বলধা গার্ডেনের বিশাল স্টল। ফলজ, ফুল এবং ভেষজ উদ্ভিদের সম্ভার দিয়ে স্টল সাজিয়েছে তারা।। নানান জাতের গোলাপ, পদ্ম, বেলি— এমন আরও অনেক ফুলগাছের সংগ্রহ রয়েছে তাদের। আছে দেশীয় সব ধরনের ফলজ গাছের চারা। এছাড়া তমাল, বাঁশ, ধূপ, ত্রিশূল, বৈলমসহ এমন অনেক বিরল প্রজাতির গাছ।

একটু ঘুরলেই চোখে পড়বে আঙুরের চারা। ড্রামে লাগানো চারাগুলো বেয়ে ওঠার জন্য বাঁশের মাচাও করে দেওয়া হয়েছে। সাদা আঙুরগুলো দেশি। লাল এবং কালোগুলো হল কাশ্মিরি— এমনটাই জানালেন স্টল মালিকরা।

আঙুরের চারার দাম প্রতিটি ১শ' টাকা। ফলভর্তি গাছ কিনতে খরচ হবে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা।

এছাড়া মেলা ঘুরে বিক্রেতাদের কাছ থেকে জানা গেল ঘরের ভিতরে লাগানোর জন্য পাতাবাহার গাছের চাহিদা অনেক।

আপতত যেহেতু মেলা শেষ হওয়ার কোনো সময় নির্ধারিত হয়নি সেহেতু সপ্তাহের যেকোনো দিন এই মেলায় গিয়ে সবুজের ছোঁয়া নিয়ে আসতে পারেন।

সকাল ৯টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গন সবার জন্য খোলা।

ছবি: আসাদুজ্জামান প্রামানিক