২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে জামদানি প্রদর্শনী

বাঙালির ঐতিহ্য থেকে মসলিন হারিয়ে গেলেও আজও টিকে আছে জামদানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৃপ্তি গমেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 05:13 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

জামদানি শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ‘জামদানি প্রদর্শনী ২০১৫’ চলছে ঢাকার শাহাবাগে অবস্থিত জাতীয় জাদুঘর প্রাঙ্গনে।

১ জুলাই থেকে শুরু হওয়া প্রদর্শনীতে জামদানি কারিগররা নিজেদের হাতে তৈরি জামদানি নিয়ে সাজিয়েছেন স্টলগুলো। এখানে পাওয়া যাচ্ছে সুতি ও হাফ সিল্কের জামদানি। জামদানি শুধু কামিজ, কামিজ এবং ওরনার সেট এবং থ্রি-পিসও পাওয়া যাচ্ছে মেলার বিভিন্ন স্টলে।

কারিগরদের মধ্যে এমন অনেকে আছেন যারা প্রায় দেড়শ, দুইশ বছর যাবত পারিবারিকভাবে জামদানি শাড়ি তৈরি ও বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত।

কথা হয় নজরুল ইসলাম নামের একজন জামদানি শিল্পীর সঙ্গে।

তিনি বলেন, “আমার বাবাদাদা, চৌদ্দ পুরুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় দেড়শ বছর ধরে আমরা জামদানি শাড়ির ব্যবসা করছি। ছোট বেলায় তাদের কাজ করতে দেখছি আর এখন আমরা এই ব্যবসার হাল ধরছি।”

পরিবারের সদস্য ও কর্মীদের নিয়ে তিনি শাড়ি তৈরি করেন। তার তৈরি শাড়ির মূল্য সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে সর্বচ্চো দেড় লাখ টাকা। তবে ৪ হাজার থেকে ২০ হাজার টাকা দামের শাড়ির চাহিদা বেশি।

জামদানি শাড়ি বিক্রেতা ও কারিগর আমির হোসেন জানান, এখানে শাড়ির দাম পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আর জামদানি ওড়নার দাম ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা। এই শাড়িগুলো রূপগঞ্জ, নারায়ণগঞ্জের দক্ষিণে রূপসা গ্রামে তৈরি করা হয়।

জামদানি শিল্পী মো. বকুল হোসেন বলেন, “১৯৭৮ সাল থেকে এই ব্যবসা করছি। রূপসী কাজী পাড়া গ্রামে আমার কারখানা।”

তিনি আড়াই হাজার টাকা থেকে এক লাখ টাকার শাড়ি বুনে থাকেন। মিরপুর, ধানমণ্ডি, বসুন্ধরা, কলাবাগান, বেইলি রোড, গাউছিয়া, নিউমার্কেট ও হকার্সে শাড়ি সরবারহ করে থাকেন।

৪০ বছর যাবত জামদানি শিল্পের সঙ্গে জড়িত মো. জব্বার আলী জানান এইখানে তিন হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে নানা ধরনের শাড়ি। শুধু কামিজের জামদানি কাপড়ের দাম পরবে ৫শ’ থেকে দেড় হাজার টাকা। কাপড় ও নকশার মান অনুযায়ী দামের ভিন্নতা লক্ষ করা যায়।

অপর একজন জামদানি শিল্পী মো. রেজাউল করিম বলেন, “তার তৈরি শাড়ির মুল্য চার হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা।”

সুতি ও মিক্সড জামদানির মধ্যে সুতির চাহিদা বেশি। মধ্যবয়স্করা বেশিরভাগ ক্ষেত্রেই এক রংয়ের শাড়িগুলো বেশি পছন্দ করে থাকেন আর কম বয়স্করা বিভিন্ন রংয়ের কাজ করা জামদানি বেশি পছন্দ করে বলে জানান রেজাউল। তার স্টলে কামিজ ওড়নার সেট এবং থ্রি-পিস পাওয়া যাবে আড়াই হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায়।

কারিগর ও বিক্রেতা ইকবাল জানান, ঈদ বাজারে জামদানির চাহিদা অনেক। খাদি সুতার তৈরি জামদানির মূল্য ১০ হাজার থেকে ৬৫ হাজার টাকা। জামদানি শুধু কামিজ এবং কামিজ-ওড়নার সেটের দাম ৫শ’ থেকে দেড় হাজার টাকা। টাঙ্গাইল শাড়ি কুটির, অঞ্জন্স, আড়ং ইত্যাদি জায়গায় তারা শাড়ি সরবারহ করে থাকেন বলে জানিয়েছেন।

এছাড়াও নিজের মন মতো নকশা ও রং নির্বাচন করে অর্ডার দেওয়া যাবে জামদানি শাড়ি। এক্ষেত্রে শাড়ির মূল্য নির্ভর করবে কাজের ঘনত্বের উপর। অর্ডার দেওয়া শাড়ি বানাতে সময় লাগবে এক সপ্তাহ থেকে দুই মাস।

অনেক বিক্রেতাই মনে করেন এবার সঠিক প্রচারের অভাবে মেলা খুব একটা জমেনি। তারা জানান, গত বছর আরও বেশি প্রচার করা হয়েছিল।

তবে মনিটরিং কমিটির একজন সদস্য কাজী মো. মোবারক হোসেন বলেন, “এবার প্রদর্শনীতে বেশ সাড়া পাওয়া গেছে। বেচাকেনাও বেশ ভালো। কেবলমাত্র গত শুক্রবারেই ১৫ লক্ষ টাকার কেনাবেচা হয়েছে মেলায়।”

তিনি আরও বলেন, “বিসিক ও জাদুঘর এই প্রদর্শনী আয়োজন করেছে এবং সরাসরি জামদানি কারিগররা এইখানে এসেছেন তাই তুলনা মুলক কমদামে পছন্দসই শাড়ি পাওয়া যাচ্ছে মেলাগুলোতে।”

প্রদর্শনীতে আসা একজন ক্রেতা ফারহানা বলেন, “এইখানে নানান রকম কালেকশন রয়েছে তবে দাম মার্কেটের মতোই। কিছুটা ভিন্ন ডিজাইনের বেশ কিছু শাড়ি রয়েছে। তবে ওগুলোর দাম বেশি।”

আরে বিক্রেতা ফারহানা মনে করেন প্রদর্শনীর জায়গা নির্বাচন সঠিক হয় নি। শাহবাগ না হয়ে যদি অন্য কোনো আবাসিক এলাকার দিকে এই প্রদর্শনী করা হতো তাহলে ক্রেতার সংখ্যা আরও বেশি হতো। রোজার মাসে এই অঞ্চলে এত যানজট থাকে যে আসাই কষ্টকর।

এই আয়োজন চলবে ১০ জুলাই পর্যন্ত।