বাবার জন্য একদিন
তাকে না হয় আজ একটু সঙ্গ দেওয়া হল অথবা তার জন্য নিয়ে আসলেন বিশেষ উপহার।
বাবার জন্য বছরে মাত্র একটি দিন? কেনো সবগুলো দিনই বাবা-মায়ের জন্য উৎসর্গ করা যায় না? সে তর্ক থাকুক। বরং জেনে নেওয়া যাক বাবা দিবসে বাবার জন্য বিশেষ আনন্দের করে তোলার কিছু টিপস।
বাবা-মা যখন বয়স্ক হয়ে পড়েন তখন তাদের জন্য সবচেয়ে সুন্দর উপহার হল সন্তানের সঙ্গ। বাবা দিবসে বাবা-মাকে নিয়ে ঘুরে আসা যায় কোনো থিম পার্ক থেকে। অথবা আপনার শৈশবে তারা আপনাকে নিয়ে যে পার্ক বা যেখানে বেড়াতে যেতেন তেমনি স্মৃতিময় কোনো জায়গাতেও বাবাকে নিয়ে যাওয়া যায়। এতে তার মনে অতীতের সুন্দর দিনগুলোর স্মৃতি ফিরে আসবে।
বাবা দিবসে বাবা-মাকে তাদের প্রিয় কোনো রেস্তেরাঁতে নিয়ে যেতে পারেন অথবা বাড়িতেই বাবার প্রিয় ডিশগুলো রান্না করা যেতে পারে।
ডায়বেটিসে আক্রান্ত বাবার জন্য বিশেষভাবে তৈরি মিষ্টি যা এই রোগীরা খেতে পারেন, হতে পারে ভালো উপহার। বাবার প্রিয় বন্ধুদের নিমন্ত্রণ করে বাড়িতে জমজমাট আড্ডার আয়োজন করাও হতে পারে ব্যতিক্রমী উপহার।
দাদুর পুরনো অ্যালবাম থেকে বাবার ছোটবেলার ছবি সংগ্রহ করে তা সুন্দর ফ্রেমে বাঁধিয়ে দিলে তিনি চমকে যাবেন এবং খুশিও হবেন। বাবার ছাত্রজীবনের ছবি, স্কুল বা কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে তোলা ছবির অ্যালবামও হতে পারে উপহার। আর বাবার কোলে আপনার ছোটবেলার ছবির তো কোনো তুলনাই নেই। সিরামিকের মগে এমনি স্মৃতিবাহী ছবি প্রিন্ট করে দেওয়াও চলে। নীলক্ষেত, কাঁটাবন, ফকিরাপুলসহ বিভিন্ন জায়গায় এমন মগ প্রিন্ট করা যায় আড়াইশ থেকে সাড়ে তিনশ টাকায়।
ফতুয়া, ট্রাউজারসহ এই গরমে বাবার জন্য আরামদায়ক যে কোনো পোশাকই উপহার হিসেবে চলতে পারে। আর ফর্মাল শার্ট, প্যান্ট, পাঞ্জাবি তো উপহারের তালিকায় রয়েছেই।
বই-প্রিয় বাবার জন্য সবচেয়ে ভালো উপহার হলো বই। তার প্রিয় লেখকের রচনাসমগ্র পেলে তিনি যে দারুণ খুশি হবেন তাতে সন্দেহ নেই।
যারা বাবাকে ছেড়ে দূরে আছেন তারা অনলাইনে অর্ডার দিয়ে বিশেষ দিনটিতে বাবার জন্য পাঠাতে পারেন ফুলসহ সব উপহার। আর ফেইসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে বাবার ছবি পোস্ট করতে ভুললে চলবে না মোটেই।
‘অচল শিখর ছোট নদীটিরে চিরদিন রাখে স্মরণে, যতদূরে যায় স্নেহধারা তার সাথে যায় দ্রুতচরণে, তেমনি তুমিও থাক না’ই থাক, মনে কর মনে কর না, পিছে পিছে তব চলিবে ঝরিয়া, আমার আশিস-ঝরনা।’
আমাদের জীবনে বাবাও তো এমনি। সন্তান যত দূরেই থাকুক না কেনো বাবার কাছে সে চিরদিনই ছোট্ট শিশু, তার স্নেহের সন্তান। সন্তানের প্রতি বাবা-মায়ের স্নেহ কোনোদিন ফুরাবার নয়। বাবা-মায়ের প্রতিও সন্তানের ভালোবাসা নিরবধিবয়ে চলে। বাবা-মাকে কে না ভালোবাসে? তবে অনেকসময় সংকোচে বাবাকে জানানো হয় না তাকে আপনি কত ভালোবাসেন। বাবা দিবসে সেই কথাটি যদি তাকে জানিয়ে দিতে পারেন তাহলে সেটিই হবে বাবার জন্য সবচেয়ে বড় উপহার
প্রতীকী মডেল: অহনা এবং শামীম। ছবি: অপূর্ব খন্দকার।
