কল্পনার সহযোদ্ধারা
কল্পনার হারিয়ে যাওয়ার উনিশতম বর্ষপূর্তিতে এই শিরোনামেই এক ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন শহীদুল আলম।
রক্তের ধারা কি কখনও পেছনে যায়? এমন কি কখনও হয়েছে দেহের থেকে বিযুক্ত রক্তপ্রবাহ ফিরে আবার সচল হয়েছে। কিংবা কোরবানীর তাজা রক্ত নিচু ঢাল বেয়ে নেমে না গিয়ে ফোয়ারার মতো ছিটকে পড়ছে মাটি থেকে উঠে? হয়নি। আসলে রক্তের ধারা কখনও পেছনে যায় না। কিন্তু পেছনে ফেলে যায় তার চিহ্ন, উৎস। সে রক্ত কখনও কখনও উগড়ে দেয় ক্ষোভ, হতাশা হয়তো ভালোবাসাও।
কল্পনা চাকমার নামটা কি পরিচিত মনে হচ্ছে? নাকি কল্পনা চাকমাও একটি নিঃশ্চল ধারার মতো পিছলে নেমে গেছে বিস্মৃতিতে! নাহ, কল্পনা চাকমা নামটা পাহাড়ে কয়েক দশকের শোসন, নিপীড়নের এক জ্বলন্ত পতাকা। মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার – এগুলো না হয়, বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিবৃতিতে শোনা মরীচিকাসম শব্দবিশেষ।
কিন্তু খুন, অপহরণ, বাস্ত্যুচ্যুতি, ধর্ষণ, সাম্প্রদায়িক হামলা এরকম নানান অপরাধ তো সব মানুষের কাছেই স্বীকৃত।
১৯৯৬ সালের ১২ জুন মধ্য রাতে নিজ বাসা থেকে অপহৃত হন কল্পনা চাকমা। পার্বত্য চট্টগ্রামের কান্না রাঙামাটির দুর্গম বলে পরিচিত বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রামে থাকতেন সে সময়কার হিল উইমেন্স ফেডারেশনের সাধারন সম্পাদক কল্পনা চাকমা। ঘটনার পর এই আদিবাসী রাজনৈতিক কর্মীর বড়ভাই কালিন্দী চাকমা দাবি করেন, সরকারী বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে অপহরণ করেছেন কল্পনাকে। এরপর থেকেই আরেক নতুন যুদ্ধ শুরু হয় কল্পনার সহযোদ্ধাদের। দীর্ঘ ১৯ বছর ধরেই চলছে এই সংগ্রাম। দাবি একটাই ফিরিয়ে দেওয়া হোক কল্পনাকে। অবশ্য সময়ের সঙ্গে সংগ্রামের প্রয়োজনে বিভিন্ন সময়ে ভাষা পাল্টেছেন তারা। সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা, তদন্ত প্রতিবেদন প্রকাশ, বিচার বিভাগীয় তদন্ত এমন নানা দাবির মাধ্যমেই, চেষ্ঠা করে যাচ্ছেন কল্পনার সহযোদ্ধারা।
দীর্ঘসময় ধরে এই বিষয়ে কাজ করতে গিয়ে যাদের সহায়তা পেয়েছেন তিনি, এ বছরের প্রদর্শনীতে মূলত তাদেরকেই তুলে ধরেছেন আলোকচিত্রী শহীদুল। সমাজের নানা অংশের মানুষ নিজেদের অবস্থান থেকে বিভিন্ন সময়ে এই অন্যায়ের প্রতিবাদ করেছেন। লম্বা সময়ের এই প্রতিবাদে সহযোদ্ধা হিসেবে পাওয়া এই মানুষগুলোকেই শহীদুল আলম পরিচয় করিয়ে দিয়েছেন কল্পনার সহযোদ্ধা হিসেবে। তবে গড়পড়তা কোনো প্রদর্শনি নয় এটি।
ধানমণ্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনীর একপাশে পর্দা দিয়ে ঢেকে যেমনভাবে দেখানো হচ্ছে এই সহযোদ্ধাদেরই নানা কর্মকাণ্ড, তুলে ধরা হচ্ছে তাদের বক্তব্য; ঠিক তেমনি অপরপ্রান্তে তাদেরই পোর্ট্রেট দিয়ে সাজানো হয়েছে মূল প্রদর্শনী। তবে সাধারণ ফটো প্রিন্টিং পেপার বা বোর্ডে হয়নি এই প্রিন্ট। বরং পাহাড়ি মানুষের নিত্য দিনের সঙ্গী বাঁশের পাটিকে ক্যানভাস হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। যেই পাটিতে শুয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনতেন কল্পনা, তার দেখা পাবেন দর্শনার্থীরা। ব্যবহৃত হয়েছে লেজার বিম, যার মধ্য দিয়ে ফুটে উঠেছে সামাজিক বৈপরিত্য। লেজার বিমের লাল আভা এক নিষিদ্ধ কিংবা না দেখা-না জানা বাস্তবতার মধ্য দিয়ে নিয়ে যাবে দর্শকদের।
১২ জুন শুক্রবার শুরু হওয়া ভিন্নধর্মী এই আলোকচিত্র প্রদর্শনী চলবে ১৭ জুন পর্যন্ত। আর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত আলোকচিত্রী শহিদুল আলমের এই প্রদর্শনী।
দৃক গ্যালারির ঠিকানা: বাসা ৫৮, রোড ১৫ এ (নতুন), ধানমণ্ডি, ঢাকা ১২০৯।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
