স্বপ্ন লাইফ ২০১৫ ঈদ ফ্যাশন ফিয়েস্তা
১২ জুন তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিয়োতে ‘স্বপ্ন লাইফ ২০১৫ ঈদ ফ্যাশন ফিয়েস্তা’ ফ্যাশন শো’র মাধ্যমে ঈদের পোশাক সম্ভার তুলে ধরল স্বপ্ন লাইফ।
ফ্যাশন শো’র কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন কাজী কামরুল ইসলাম। মডেল হিসেবে পোশাকগুলো পরিবেশন করেন রুমা, রিসিলা, মিথিলা, আনুশা, রিবা, রাতুল, ইমরান, শান্ত, রিগালসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক্সের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, আরটিভি’র সিইও সায়েদ আশিক রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এবং মিডিয়া জগতের জনপ্রিয় ব্যক্তিরা।
স্বপ্ন লাইফের ঈদ কালেকশন ডিজাইন করেছেন শাহিনুর রহমান, ফারহানা শারমিন, তামান্না শারমিন এবং তানাজ বন্নি।
সায়েদ আশিক রহমানের শুভেচ্ছা বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
তিনি বলেন, “এবারই প্রথমবারের মতো এই ফ্যাশন শো’র আয়োজন করেছি আমরা। আমাদের ঈদ কালেকশন পরিবেশন করার পাশাপাশি মডেলিং পেশায় আগ্রহী তরুণ প্রজন্মের জন্য এটি একটি প্ল্যাটফর্ম।”
ছয়জন নারী মডেল মাথায় ঘোমটা টেনে ফ্যাশন শো শুরু করেন। পরিবেশন করা হয় স্কার্ট, টপস, লন, সালোয়ার, কামিজ ইত্যাদি। এরপর ছেলেদের পাঞ্জাবির কালেকশন নিয়ে র্যাম্পে আসেন ছয়জন পুরুষ মডেল। শর্ট, লং ও হাই নেকের ছয়টি হালকা ডিজাইনের পাঞ্জাবি পরিবেশন করেন তারা।
তৃতীয় রাউন্ড শুরুতে পরিবেশিত হয় পাঁচজন মুখোশধারী নৃত্যশিল্পীর নৃত্য। এরপরই স্বপ্ন লাইফের ‘ইভনিং ওয়্যার’ কালেকশন নিয়ে র্যাম্পে আসেন ছয়জন মডেল।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চতুর্থ রাউন্ডে র্যাম্পের উল্টা দিক থেকে মশাল হাতে ফাংকি পাঞ্জাবির কালেকশন নিয়ে মঞ্চে আসেন পুরুষ মডেলরা। শেষটাও হয় মশাল হাতে নিয়েই। পঞ্চম রাউন্ডে দেখানো হয় শাড়ির কালেকশন। আর শেষ রাউন্ডে পরিবেশিত হয় মেয়েদের গাউনের কালেকশন।
সবশেষে আবারও আসেন নৃত্যশিল্পী এবং সব মডেলরা। স্কার্ট টপস আর পাঞ্জাবি দিয়ে ফ্যাশন শো শেষ করেন মডেল রুমা এবং রিগাল আরমান।
পরে স্বপ্ন লাইফের চারজন ডিজাইনার এবং এসিআই লজিস্টিক্সের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির মঞ্চে এসে ধন্যবাদ জ্ঞাপন করেন।
