গ্যালারি কায়ার একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী
এই উপলক্ষ্যে বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পীর কাজের প্রদর্শনী চলছে।
শিল্পচর্চায় বাংলাদেশের চিত্রকলা বহু আগে থেকেই অসাম্প্রদায়িক। বহু আগে থেকে বলতে গিয়ে অবশ্য গুলিয়ে ফেললে চলবে না। মোটামুটি যদি বর্তমান সময়ের কথা চিন্তা করা হয়, যেখান থেকে আধুনিক চিত্রকলার সঙ্গে তাল মিলিয়ে এদেশের অংশগ্রহণও নথিভুক্ত হয়েছে, দেশ-মানচিত্রের সীমানা পেরিয়েছে, সে সময়ের কথা বলা হচ্ছে। চিত্রকলা চর্চার দিক থেকে, এই এলাকার শিল্পীরা যেমনভাবে নিজেদের আদিবাসী সাংস্কৃতিক চরিত্র ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছেন, ঠিক তেমনি রসদ যুগিয়েছেন শোষিতের বিরুদ্ধে লড়াই করবার। রংয়ের ব্যবহারে রাঙিয়ে তুলেছেন মাঠে-ঘাটে কিংবা অন্দরমহলে নিত্য লড়াই করা মানুষগুলোকে।
তবে সময়ের সঙ্গে এই চর্চার চরিত্র পাল্টেছে। সামষ্ঠিক জায়গা থেকে সরে এসে শিল্পীরা ব্যক্তিগত জীবনের উপর বেশি আগ্রহী হয়ে উঠেছেন। অবশ্য সবাই এই দলে পড়বেন না কিংবা সবাইকে একভাবে ব্যাখ্যা করাও যায় না। তবে তারপরও ‘একটা গড়ে ওঠা সংস্কৃতি’ বা ‘ট্রেন্ড’ যে লক্ষ করা যায় না, তা বলা ভুল হবে।
৫ জুন শুরু হওয়া এই দলীয় প্রদর্শনীর উপলক্ষ্য, গ্যালারি কায়ার একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। শিরোনাম— ইলেভেন্থ অ্যানিভারসারি এক্সিবিশন: অ্যান এক্সক্লুসিভ গ্রুপ এক্সবিশন বাই টুয়েন্টি থ্রি মডার্ন আর্টিস্ট অব বাংলাদেশ।
প্রদর্শনীতে স্থান পেয়েছে, বাংলাদেশের প্রথিতযশা বেশ কিছু চিত্রশিল্পীর কাজ। মাধ্যম, ধরণ, ভাষা (ফর্ম) কিংবা অন্যান্য আরও নানান বিবেচনায় বাংলাদেশের চিত্রকলায় তাদের অবদান অনস্বীকার্য।
সব মিলিয়ে চুয়াল্লিশটি কাজ প্রদর্শিত হচ্ছে ঢাকার উত্তরার এই গ্যালারিতে। অবশ্য সবকটি কাজই কায়ার সংগ্রহশালার নয়। শিল্পী ও ব্যক্তিগত সংগ্রহ থেকেও কয়েকটি ছবি আনা হয়েছে।
শিল্পীর তালিকা দেখেই বোঝা যাচ্ছে, কি অসাধারণ এক আয়োজন অপেক্ষা করছে সবার জন্য। বর্তমান সময়ে এমনিতেও এতজন গুনী শিল্পীর কাজ একসঙ্গে দেখার সুযোগ হয়ে ওঠে না। তার উপর এই কাজগুলো সময়কালও বেশ বিস্তৃত।
প্রদর্শনী চলবে এ মাসের ২৬ তারিখ পর্যন্ত। আর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই শিল্পের সংগ্রহশালা।
গ্যালারি কায়ার ঠিকানা: বাসা ২০, রাস্তা ১৬, সেক্টর ৪, উত্তরা, ঢাকা ১২৩০।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
