২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেসিপি: ঢাকায় মোদী যা খেলেন

তিনি যা খেলেন, চাইলে আপনিও সেসবের স্বাদ ঘরেই নিতে পারেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 05:25 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরামিষভোজী। তার ঐতিহাসিক ঢাকা সফরে সঙ্গে নিয়ে এসেছিলেন নিজস্ব পাঁচক। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজ ও দুপুরের খাবার তৈরি করেছিলেন ঢাকার ওয়েস্টিন হোটেলে কর্মরত দুই ভারতীয় শেফ।

ওয়েস্টিন ঢাকার এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র ও শেফ দে কুইজিন আপুর্ভা কুন্তে তৈরি করেছিলেন এই খাবারগুলো।

Image
শেফ আপুর্ভা কুন্তে এবং শেফ শুভব্রত মৈত্র।

শেফ আপুর্ভা কুন্তে এবং শেফ শুভব্রত মৈত্র।

আপুর্ভা কুন্তে বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান তিনি ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা। আর মোদীর রাজ্য গুজরাট মহারাষ্ট্রের প্রতিবেশী। দুই রাজ্যের খাবারের ধরনে যথেষ্ট মিল আছে। তাই এই খাবার তৈরির বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে।  

শেফ মৈত্র ও কুন্তে জানান তারা সম্মানিত বোধ করেছেন কারণ, দুই দেশের প্রধানমন্ত্রী ও একজন রাষ্ট্রপতির জন্য খাবার তৈরি করেছেন তারা। আর এই দুই অনুষ্ঠানই ছিল বাংলাদেশের তরফে সরকারী আয়োজন, যা বিশেষ সম্মানের বিষয়।  

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে কী রান্না হবে সেটা নির্ধারিত ছিল আগে থেকেই। তবে প্রেসিডেন্টের দেওয়া দুপুরের ভোজে খাবারের তালিকা করেছেন মৈত্র ও কুন্তে মিলেই।

কুন্তে আরও জানান রান্নার পর্বটি সেরেছেন ওয়েস্টিনের বাঙালি শেফ মৈত্র তবে খাবারের মান খাঁটি ও গন্ধ শুদ্ধ রাখতে তারা দুজনে মিলে পাঁচক দলকে রীতিমতো ট্রেইনিং দিয়েছেন।

আর এসব খাবার যদি ঘরে তৈরি করতে চান তবে তাদের দেওয়া রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন।

খামান ধোকলা

উপকরণ এক

বেসন ১ কাপ। সুজি দেড় টেবিল-চামচ। পানি দেড় কাপ। সাইট্রিক অ্যাসিড আধা চা-চামচ। চিনি ৩ চা-চামচ। আদা ও কাঁচামরিচের পেস্ট দেড় চা-চামচ। লবণ ১ চা-চামচ, ফ্রুট সল্ট।

উপকরণ  দুই

সেসিমি সিড ও সরিষা, এক চা-চমচের চার ভাগের এক ভাগ। ২টি শুকনা মরিচ। একটি কাঁচামরিচ কাটা। কোড়ানো নারকেল চার ভাগের এক ভাগ। কুচি করে কাটা ধনেপাতা ১০০ গ্রাম। কারিপাতা ৫০ গ্রাম। ২ টেবিল চামচ তেল। ২ চামচ পানি। হিং ১ চা চামচ।

পদ্ধতি

প্রথম পর্বের সব উপকরণ (ফুট সল্ট বাদে) একটি বাটিতে ঢেলে ফেটে, পাঁচ থেকে ১০ মিনিট রেখে দিন।

এই ফাঁকে ১৫ থেকে ১৮ সে.মি. ব্যাসার্ধের আর ৪ সে.মি. উচ্চতার একটি ট্রে বা প্লেটে তেল ঢেলে নিন।

ফেটানো উপকরণে ফ্রুট সল্ট ঢেলে দিন। এতে তৈরি করা মণ্ড ফুলে উঠবে। হালকা ভাবে মণ্ডটি ভাঁজ করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে বাতাস বেরিয়ে না যায়। 

মণ্ডটি ট্রেতে ঢেলে স্টিমার মেশিনে দিয়ে আট থেকে ১০ মিনিট রেখে দিন। বা গরম পানির বাষ্পে ভাপিয়ে নিন।

একটি প্যান গরম করে তেল ঢেলে দ্বিতীয় পর্বের উপকরণ তেলে ঢেলে দিন (ধনেপাতা ও নারকেল বাদে)। স্টিমার থেকে ভাপা ধোকলা বের করে পাঁচ মিনিট পর এই দ্বিতীয় পর্বের উপকরণ চামচ দিয়ে মিশিয়ে দিন। আর এর উপর ছিটিয়ে দিন নারকেল ও ধনে পাতা। ছোট ছোট আকারে কেটে ধনেপাদা, বাদাম ও দই চাটনি দিয়ে পরিবেশন করুন।

ধনেপাতা, বাদাম ও দই চাটনি

উপকরণ

ধনেপাতা ৩০০ গ্রাম। ভাজাবাদাম ১৫০ গ্রাম। কাঁচামরিচের কুচি করে কাটা ৩০ গ্রাম। চিনি ২০ গ্রাম। লবণ ৫ গ্রাম। দই ১০০ গ্রাম। লেবুর রস ১০ মিলি। টালাগুঁড়া জিরা ৫ গ্রাম।

পদ্ধতি

ব্লেন্ডারে সমস্ত উপকরণ ঢেলে দিন। কিছুক্ষণ ব্লেন্ড করে বাটিতে ঢেলে নিয়ে ধোকলার সঙ্গে খাবার জন্য প্রস্তুত।

খান্ডভি

উপকরণ এক

বেসন এবং দই এককাপের চারভাগের তিনভাগ করে। পানি ১ কাপ। আদা ও মরিচের পেস্ট আধা চা-চামচ। হিং সিকি চা-চামচ। হলুদ সিকি চা-চামচ। লবণ ৫ গ্রাম।   

উপকরণ দুই

সেসিমি সিড ও সরিষা, এক চা-চামচের চার ভাগের এক ভাগ। ২টি শুকনামরিচ। একটি কাঁচামরিচ কাটা, কোড়ানো নারকেল দুই ভাগের এক ভাগ। কুচি করে কাটা ধনেপাতা ১০০ গ্রাম। কারিপাতা ৫০ গ্রাম। ২ টেবিল চামচ তেল। হিং ১ চা-চামচ।

পদ্ধতি

একটি ট্রে’তে তেল ঢেলে তৈরি রাখুন।

সমস্ত উপকরণ মিলিয়ে মণ্ড তৈরি করে নিন। ঠাণ্ডা নন স্টিকি প্যানে মণ্ড ঢেলে দিন। তারপর চুলায় বসিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না হালকা শক্ত হয়ে যায়।

এই হালকা শক্ত মণ্ড তেল ঢালা ট্রেতে ঢেলে চামচের পেছন দিয়ে ছড়িয়ে দিন। তিন মিনিট ঠাণ্ডা হতে সময় দিয়ে পাঁচ সে.মি. এবং ১০ সে.মি. আকারে কেটে রোল করুন।

দ্বিতীয় পর্বের সমস্ত উপকরণ মিশিয়ে একটি প্যানে তেল গরম করে ঢেলে দিন (নারকেল ও ধনেপাতা বাদে)। হালকা ভেজে চামচ দিয়ে খান্ডভির উপর নারকেল ও ধনেপাতাসহ ছড়িয়ে দিন।