২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা না হয়েও, মা

কেউ কোনো দিন বলতে পারবে না তিনি তাদের সৎ মা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 04:58 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

সন্তান প্রসব না করেও যে মাতৃত্ব অর্জন করা যায় এবং মা হয়ে ওঠা যায় তার প্রমাণ দিয়েছেন, রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ গ্রামের শামসুন নাহার রেখা। এক ছেলে ও দুই মেয়ের জননী তিনি। ছেলে মেয়েদের মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন এবং স্বাবলম্বীও করেছেন। তবে কেউই তার আপন সন্তান নয়।

তবে আপন না হয়েও আপনের চাইতেও বেশি আপন হওয়ার কাহিনি জানতে হলে যেতে হবে একটু পেছনের দিকে।

পড়া লেখার অদম্য ইচ্ছা থাকার পরও রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় প্রাথমিক বিদ্যালয় পেরোনোর পর মাধ্যমিক বিদ্যালয়ে যেতে পারেননি শামসুন নাহার। ১৯৮৭ সালে পঞ্চম শ্রেণি পাশ করার পর এক রকম জোর করেই তার বিয়ে দেন বাবা-মা।

শামসুন নাহারের বিয়ে দেওয়া হয় তার থেকে অনেক বেশি বয়সি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গফুরের সঙ্গে।

বিয়ের পরই বালিকা নববধূর হাতে তুলে দেওয়া হয় তিনটি শিশুর দায়িত্ব। তাকে এটাও বলা হয় ওই তিন শিশুকে নিজের ছেলেমেয়ের মতো মানুষ করতে হবে।

Image
ছেলে ও জামাইয়ের সঙ্গে।

ছেলে ও জামাইয়ের সঙ্গে।

হয়তো সেদিনই শামসুন নাহার নিজের মাতৃত্বকে শপে দিয়েছিলেন ওই তিন শিশুর কল্যাণে। তিন শিশুই হয়ে ওঠে তার খেলার সঙ্গী এবং সন্তান। তারাই হয়ে ওঠে শামসুন্নাহারের সুখ-দুঃখের আধার। নিজে কোনো সন্তান নেননি। ওই তিন শিশুকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে উজাড় করে দিয়েছেন নিজের সবটা। 

“সন্তানদের সুখই তো বাবা-মার সুখ। তাদের সুখী না দেখলে নিজেরা সুখী হব কীভাবে। বুকের রক্ত পানি করে যাদের মানুষ করেছি, তাদের সুখী দেখাটাই তো আসল উদ্দেশ্য।” এক গাল হাসি দিয়ে কথাগুলো বলছিলেন শামসুন নাহার।

তিনি জানান, বড়বোন মারা যাওয়ার পর ভগ্নিপতি আব্দুল গফুরের সঙ্গে তার বিয়ে দেন বাবা-মা। বোনের রেখে যাওয়া তিন সন্তানই এখন তার সন্তান। তিন সন্তানকে মানুষ করতে পেরে তিনি খুশি।

শামসুন নাহারের বড় ছেলে মোস্তাফিজ, সরকারি আজিজুল হক কলেজ থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে তিনি আকিজ ফুড অ্যান্ড বেভারেজে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত।

তিনি বলেন, “সে শুধু মা-ই নন, তিনি সবার মা। তিনি নিজের ছেলেমেয়েকে যেভাবে মানুষ করেছেন ঠিক একইরকম অনুভূতি তার নাতিদের নিয়েও। শুধু তাই নয় পাড়ায় তিনি হয়ে উঠেছেন শিশুদের 'রেখা আপা।'

এসব শিশুদের নানা রকম আবদারও ‘রেখা আপা’কেই মেটাতে হয়।    

শামসুন নাহারের মেয়ে তানজিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিভাগে স্নাকোত্তর সম্পন্ন করে এখন সরকারি প্রাথামিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

Image
জামাইয়ের সঙ্গে শামসুন নাহার।

জামাইয়ের সঙ্গে শামসুন নাহার।

মেয়েদের উচ্চ শিক্ষিত করার বিষয়ে শামসুন নাহার বলেন,  “নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও লেখাপড়া করতে পারিনি। তাই মেয়েদের পড়ালেখা করিয়েছি নিজের উদ্যেগে।”

“কোথাও বেড়াতে গেলে স্বামীর কাছ থেকে ভাড়া চেয়ে নিতে হয়। আমার বাবা-মা কিংবা ছেলেমেয়ে বা নাতিদের উপহার দিতে গেলেও স্বামীর কাছ থেকে টাকা চেয়ে নিতে হয়। আমি কখনও চাইনি আমার মেয়েরা অর্থনৈতিকভাবে পরাধীন থাকবে। শুধুমাত্র টাকা আয় করে না বলেই পরিবারের কোনো বিষয়ে মেয়েরা মতামত দিতে পারবেনা- এটা আমি মানতে পারতাম না।”

শামসুন্নাহারের ছোট মেয়ে শামিমা নাসরীন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাকোত্তর সম্পন্ন করে একটি অনলাইন পত্রিকায় কর্মরত আছেন।

মা সম্পর্কে তিনি বলেন, আমার মায়ের মতো এমন মা শুধু সিনেমায় দেখেছি এখনও বাস্তবে পাইনি। জানিনা আদৌ আছে কি-না। সাড়ে চার বছর বয়স থেকে তাকেই মা ও বন্ধু হিসেবে পেয়েছি। সেই ছোট বেলায় আম্মার সঙ্গে লুডুও খেলতাম তিন ভাইবোন মিলে। ছোট বেলায় সুখী মানুষ, কুপোকাত এসব গল্পের চরিত্র ভাগাভাগি করে পড়তাম মায়ের সঙ্গে। এভাবেই মা এবং বন্ধু হিসেবে পেয়েছি তাকে। পরীক্ষার সময় খাবারের প্লেট নিয়ে পেছন পেছন ঘুরতেন আর খাইয়ে দিতেন।”

বাগমারা উপজেলার দামনাশ গ্রামের বাড়িতে শামসুন নাহার ও তার স্বামী আব্দুল গফুর থাকেন। সন্তানরা চাকরির কারণে সবাই বাইরে।

এ প্রসঙ্গে শামসুন নাহার বলেন, “সন্তান কাছে না থাকলে তো খারাপ লাগেই। তবে তারা যে চাকরি করছে, স্বাবলম্বী হয়েছে এটাই আমার কাছে বড় সুখ। ছেলেমেয়েরা খুশি থাকলেই মা-বাবা খুশি।”

Image
মেয়ে ও জামাইয়ের সঙ্গে শামসুন নাহার।

মেয়ে ও জামাইয়ের সঙ্গে শামসুন নাহার।

শামসুন নাহারের স্বামী আব্দুল গফুর বলেন, “এত কম বয়সি একজন মানুষের ভেতর এই মাতৃস্নেহ দেখে আমি নিজেও মাঝে মাঝে অবাক হতাম।”

এক পর্যায়ে এসে ছেলেমেয়েসহ অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছেন, নিজের একটি সন্তান নেওয়ার জন্য। কিন্তু রাজী হননি শামসুন নাহার।

তিনি সব সময় বলেছেন, তিনটি সন্তান তো রয়েছে আবার কেনো। জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না। সন্তানকে মানুষের মদো মানুষ করতে পারলেই মা হওয়া যায়। ছেলেমেয়ে যার যার অবস্থান করে নিয়েছে। এখন তার স্বপ্ন দুই নাতিকে নিয়ে।