২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি চিত্র প্রদর্শনী

আঁলিয়াস ফ্রঁসেজে ‘ফায়ারফ্লাই’ ও ‘পেইন্টেড লাভ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 07:04 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

যেন জীবনের কবিতা রং ছুঁয়েছে ক্যানভাসে

‘কোথায় যে যাই!

মাঠভরা লাটিম ঘোরে তোর চোখের জঙ্গলে,

আমি চেনাজানা চাঁদ আর কুয়াশার ঘর এখন ইচ্ছে করে ভুলে যাই।

যে ঘর অন্ধকার কিন্তু খুব ধোঁয়া ওঠে,

নদী থেকে ফেরার পথে একটু থামি সন্ধ্যার ডানা ভাঁজ করে।‘

কবি লুবনা চর্যার ‘জিওগ্রাফি, ইন অ্যা জ্যু’ বই থেকে নেওয়া লাইন কটি। কঠিন-কঠোর এই বাজার অর্থনীতির যুগে শিল্পের সমঝদার হিসেবে ‘রাষ্ট্র-সমাজ’ খুব একটা বড় ভূমিকা না রাখলেও, ঢাকা শহরে সাম্প্রতিককালের কবিতায় লুবনার নাম উঠে আসবে।

এবার অবশ্য শিল্পচর্চার অন্য মাধ্যমেও নিজের কাজ নিয়ে হাজির হয়েছেন তিনি। আঁলিয়াস ফ্রঁসেজের ‘জুম গ্যালারি’তে তার প্রথম

Image
‘ফায়ার ফ্লাই’ প্রদর্শনী চলছে জুম গ্যালারিতে।

‘ফায়ার ফ্লাই’ প্রদর্শনী চলছে জুম গ্যালারিতে।

Image
‘ফায়ার ফ্লাই’ প্রদর্শনী চলছে জুম গ্যালারিতে।

‘ফায়ার ফ্লাই’ প্রদর্শনী চলছে জুম গ্যালারিতে।

একক চিত্র প্রদর্শনী ‘ফায়ারফ্লাই’ শেষ হচ্ছে শুক্রবার। এর আগে অবশ্য ‘ইনসাইডার’ শিরোনামে ঘরোয়া একটি আয়োজন করেছিলেন কবি লুবনা। তবে গ্যালারিতে প্রথম প্রদর্শনী এই জোনাকিদের নিয়েই।

কাপড়ের ক্যানভাসে লুবনার কাজ ১৮টি। অ্যাক্রেলিকের কাজ সবগুলো। গাঢ় রং আর ‘হার্ড কনট্রাস্টের’ কাজগুলোর শিরোনামও খুবই জীবনসংশ্লিষ্ঠ।

ব্যাড টাইম, স্যাড টাইম। ওয়েন এ পারসন গেটস জিরো ওয়েট। ফেসবুক অ্যাডিক্ট। ফ্রেন্ডস। ড্রিমস অ্যান্ড ড্রিম ইটারস। ক্যাপশনেই নজর কাড়ে যাপিত জীবনের গল্প বলতে চাইছেন লুবনা চর্যা।

ইংরেজী সাহিত্যে পড়ালেখা করে, বর্তমানে একটি বিজ্ঞাপনী সংস্থায় কপি রাইটার হিসেবে কাজ করছেন। চিত্রকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেননি। বরং সমকালীন নাগরিক জীবন নিয়ে যেভাবে কবিতা লেখেন, ঠিক সেভাবেই যেন ক্যানভাস ব্যবহার করতে চেয়েছেন লুবনা।

শুভ্র, শ্বাশত শিল্প হয়ে ওঠার চেয়েও তার কাজের বড় দায়, এই সময়ের কাছে। নাগরিক ভাবনা, সংকট, আশা-ভরসা এই সবকিছুকে ভরকেন্দ্রে রেখে তার ছবিগুলোও যেন কবিতা হয়ে উঠতে চায়।

যে কারণে শিল্পী বলেন, “আমার প্রতিটি চিত্রকর্মেরই একটি করে গল্প আছে। গল্পগুলো আমার জীবন থেকে নেওয়া। অভিজ্ঞতা আর চিন্তা থেকে নেওয়া।”        

রং তুলির ছোঁয়ায় প্রাচ্যরীতির খেলা

“আমি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আঁকি না। কখনও আঁকতামও না। বরঞ্চ মানসিক তাড়না থেকেই কাজ করা হয়। তবে এটা সত্যি বেঁচে থাকবার জন্য অনেককেই হয়তো নিজের শিল্পী সত্ত্বার সঙ্গ আপোস করতে হয়। সমালোচনা করবার পাশাপাশি তাই শিল্পের সঙ্গে জীবনের এই সম্পর্কটাও বোঝার চেষ্ঠা করা উচিত।”

ধানমণ্ডির আঁলিয়াস ফ্রঁসেজের ‘লা গ্যালারি’ ঘুরে কথা হচ্ছিল শিল্পী দিলরুবা লতিফ রোজীর সঙ্গে। ‘পেইন্টেড লাভ’ শিরোনামে ৪ মে এখানেই শুরু হয়েছে শিল্পীর তৃতীয় একক চিত্র প্রদর্শনী।

Image
‘পেইন্টেড লাভ’ প্রদর্শনী চলছে লা গ্যালারিতে।

‘পেইন্টেড লাভ’ প্রদর্শনী চলছে লা গ্যালারিতে।

চিত্রশিল্প চর্চার পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে শিল্প নির্দেশক হিসেবে কাজ করছেন দিলরুবা। আর সে জন্যই হয়তো সমসাময়িক অনেকের মতোই চিত্রশিল্পী হিসেবে তার পরিচিতিটা পেশাকে ছাপিয়ে উঠতে পারেনি।

প্রদর্শনীতে ৩৫টি চিত্রকর্ম নিয়ে হাজির হয়েছেন তিনি। প্রত্যেকটি কাজই অ্যাক্রেলিকে করা। এমনিতে দুটি সাদা-কালো কাজ বাদে সবগুলো ক্যানভাসই রঙিন। রং আর তুলির আঁচড়ে অভিজ্ঞতার ছাপ আছে তার। খুব আলাদা করে না বললেও, প্রাচ্য শিল্পরীতির প্রভাব খুঁজে পাওয়া যাবে তার কাজে।

ফিগারিটেটিভ কাজের সংখ্যাও অন্য যেকোনো প্রদর্শনীর চেয়ে একটু বেশিই হবে। মানুষের জীবনের বিভিন্ন সংবেদনশীল ও একান্ত ব্যক্তিগত মুহূর্তকে ক্যানভাসে আঁটকাতে চেয়েছেন শিল্পী।

ব্যক্তিস্বাতন্ত্র উন্মুখ এই সমাজে, মানুষের ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন প্রতীকের ব্যবহার তার প্রদর্শনীতে উল্লেখযোগ্য।

Image
‘পেইন্টেড লাভ’ প্রদর্শনী চলছে লা গ্যালারিতে।

‘পেইন্টেড লাভ’ প্রদর্শনী চলছে লা গ্যালারিতে।

১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। অল্প কিছুদিনের মাঝেই নিজের প্রথম একক প্রদর্শনীরও আয়োজন করেন। তবে ১৯৮৭ সালে সেসময়কার ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত প্রদর্শনীর পরই দেশের বাইরে চলে যান। দুবছর পর নরওয়ের অসলোতে দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী আয়োজন করেন। তবে এরপরই একটা লম্বা বিরতি। মাঝে অবশ্য ২৯টি যৌথ ও দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন।   

তার এই একক চিত্র প্রদর্শনীটি চলবে ১২ মে পর্যন্ত।

সোম থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাত ৯টা আর শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে শিল্পী দিলরুবার প্রদর্শনী। রোববার অবশ্য অলিয়াস ফ্রঁসেজের সাপ্তাহিক বন্ধ।

আঁলিয়াস ফ্রঁসেজের ঠিকানা: ২৬, মিরপুর রোড (ধানমন্ডি সড়ক-৩ এর পাশে), ধানমণ্ডি।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।