রেস্তোরাঁয় বৈশাখি আয়োজন
ঢাকা শহরের বেশ কিছু এলাকায় বৈশাখি খাবার আয়োজনের খবর থাকছে এই প্রতিবেদনে।
সাম্প্রতিককালে শহুরে বাঙালির মননে ‘মঙ্গলযাত্রা’ যেমন আবশ্যিক হয়ে উঠেছে, তেমন বর্ষবরণে দল বেঁধে খাবার খাওয়ার জন্য রেস্তোরাঁয় ভিড় যেন জানান দিচ্ছে আমাদের আর্থসামাজিক জীবনের পরিবর্তনশীল চিত্র।
বিউটি বোর্ডিং
১ নং শ্রীশদাস লেন, বাংলাবাজার।
বিউটি বোর্ডিং
বছর জুড়েই এখানে থাকে দেশীয় খাবারের আয়োজন। ১৯৫০ সাল থেকে দোতলা বাড়িতে এখনও মাঝে মাঝে বসে কবি-সাহিত্যিকদের আড্ডা।
এবারের বৈশাখ আয়োজন নিয়ে তারক বলেন, “ভাতের পাশাপাশি পোলাও, ইলিশ ভাজি, বেগুণভাজি, খাসির মাংস, কালিজিরার ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, মুড়োঘণ্ট, পাঁচমিশালি সবজি ও কয়েক পদের মাছের আয়োজন থাকছে।”
আরও থাকছে আম-ডালের মতো বৈশাখের গরমে চমৎকার একটি খাবার। সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন।
প্রতিবছরের মতো এবারও সাহিত্যিকদের উপস্থিতিতে একটা ‘বৈশাখি আড্ডা’ আয়োজন করার চেষ্টা চলছে বলেও জানান সাহা।
হোটেল নিরব।
৮ পুরানা পল্টন, ঢাকা-১০০০
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বেলুন দিয়ে গেট সাজিয়েছে আট নম্বর পুরনো পল্টনের কস্তুরি রেস্তোরাঁ। অতিথীদের আপ্যায়ন করা হবে লেবুর সরবত, পাট শাক, মিষ্টি পান দিয়ে। তবে ইলিশের ব্যাপারে রেস্তোরাঁর কতৃপক্ষ বলেন, “এখন পর্যন্ত মনের মতো ইলিশ মাছ পাচ্ছিনা আর বর্তমান বাজারের ইলিশে হাত দেওয়ার সাহস করতে পারছিনা।”
নিরব হোটেল
১১৩/২, নাজিমউদ্দিন রোড, ঢাকা-১১০০
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিরব হোটেলের ব্যবস্থাপক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আলাদা কোনো ব্যবস্থা থাকছেনা ইলিশ নিয়ে।”
বছরজুড়েই ১৫ থেকে ২০ পদের দেশি খাবারের পদ থাকে। সাধারণত ৮ থেকে ১০ পদের ভর্তা প্রায় সবসময়ই মেলে। এরমধ্যে কলা, ডাল, বেগুন, আলু ও চিংড়িভর্তা এখানে বেশ জনপ্রিয় জানান হোসেন।
ভাজি থাকবে বেশ ক’পদের। এছাড়া বছরজুড়েই পাওয়া যায় কয়েক পদের মাছ ও মাংস।
হোটেল আল রাজ্জাক
হোটেল আল রাজ্জাক
পহেলা বৈশাখে পুরান ঢাকার এই রেস্তোরাঁতেও থাকছে বিশেষ কিছু আয়োজন জানালেন এখানকার মোহাম্মদ হাশেম।
ইলিশ খিচুরি, চিংড়ি পোলাও থাকছে এই রেস্তোরাঁয়, যেখানে সাকুল্যে বসতে পারবেন ১৫০ জন মানুষ।
প্রতিদিনের মতো সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে।
ক্লাউড বিস্ত্রো
১৫২/২এ, পান্থপথ, ঢাকা
পহেলা বৈশাখ উপলক্ষ্যে এই সি ফুড রেস্তোরাঁর বিশেষ আয়োজন ইলিশ প্ল্যাটার। দুজনের জন্য এই প্ল্যাটারে থাকবে সর্ষে ইলিশ, গ্রিল্ড চিংড়ি, আম ডালসহ হরেক রকম ভর্তা ও ভাজি। বৈশাখের বিশেষ পানীয় হিসেবে থাকছে কাঁচাআমের শরবত। ১ হাজার ৪শ’ ২২ টাকায় পাওয়া যাবে এই যুগল প্ল্যাটার। সকাল ৯টা থেকে সারা দিন মিলবে এই খাবার। এছাড়াও অন্যান্য কিছু সামুদ্রিক মাছের খাবারের আয়োজনতো থাকছেই।
সিজনাল টেইস্টস,
হোটেল ওয়েস্ট ইন, গুলশান -২
পাঁচতারকা হোটেল ওয়েস্টিনের রেস্তোরাঁ সিজনাল টেইস্টস ৭ এপ্রিল থেকে সেজেছে দেশি সাজে। হাঁড়িচিত্র, ঘুড়ির মতো দেশি লোকজ মোটিফে সেজেছে এই রেস্তোরাঁ। আর্ন্তজাতিক মান বজায় রেখে সাস্থ্যসম্মত উপায়ে তৈরি হবে এই দেশীয় খাবারগুলো, জানান ওয়েস্ট ইনের এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র।
ওয়েস্টিনে সেলিফি তোলার জায়গা।
ব্রেকফাস্টে থাকবে আলুর দম, বিফ ভুনা আর বেশ ক’পদের ভর্তার ব্যবস্থা। আর থাকবে বেশ কিছু দেশি মিঠাই! ২ হাজার ৫শ’ টাকা।
লাঞ্চে সকালের খাবারের তুলনায় পদের আধিক্য থাকবে সেটাই স্বাভাবিক। আর খরচ গুনতে হবে ৪ হাজার ৫শ’ টাকা। ডিনারে পড়বে ৪ হাজার ৮শ’ টাকা জনপ্রতি।
ঢাকা রিজেন্সি
নিকুঞ্জ-২, এয়ারপোর্ট রোড, ঢাকা
পহেলা বৈশাখে ঢাকা রিজেন্সির গ্র্যানডয়েজ রেস্তোরাঁ থাকছে এই আয়োজন। সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে। খাবারের পাশাপাশি গান-বাজনা, ফেইস পেইন্টিং ইত্যাদির আয়াজনও থাকছে।
নান্দোজ
বাড়ি এসই(এফ), ১ গুলশান অ্যাভনিউ
২০০৭ সালে বাংলাদেশে চালু হয় নান্দোজ। আফ্রিকান লোকসংস্কৃতিভিত্তিক অন্দরসজ্জাযুক্ত এই রেস্তোরাঁও যোগ দিয়েছে বাংলা নববর্ষ উদযাপনে।
নান্দোজের ব্যবস্থাপনা শিক্ষাণবীশ তাওরাত আয়নাতুল বলেন, “১৪ এপ্রিল নান্দোজের গুলশান ২ নম্বরের শাখাতে আয়োজন করা হয়েছে ‘নান্দোজ পহেলা বৈশাখ ফেস্ট ১৪২২’।”
তিনি আরও জানান, দিনটিতে নান্দোজে দেখা মিলবে হাতির সঙ্গে, যে আপনাকে তাদের গুলশান ১ নম্বর ব্রাঞ্চ থেকে গুলশান ২ নম্বর শাখা পর্যন্ত ঘুরিয়ে আনবে। এছাড়া দেখতে পাবেন বাঁদরের নাচ, তুলে ফেলতে পারেন অজগর সাপের সঙ্গে দুঃসাহসী একটি সেলফি, তোতা পাখির কাছ থেকে জেনে নিতে পারেন নিজের ভবিষ্যত অথবা বানিয়ে নিতে পারেন শিল্পীর হাতে নিজের একটি ক্যারিকেচার। এছাড়াও আছে ঢাক-ঢোল ও সানাইয়ের আয়োজন।
বৈশাখের এই সাজসজ্জা থাকছে শুধু গুলশান ১ এর শাখাতে।
প্ল্যাটার।
প্ল্যাটার
বাড়ি ১০৩, রোড ৩, ব্লক-এফ বনানী
গুলশানের প্ল্যাটার রেস্তোরাঁর ম্যানেজার মোহাম্মদ আলিমুজ্জামান জানান, বৈশাখ উপলক্ষ্যে পানতা-ইলিশের সেট মেনুর আয়োজন থাকছে এখানে। পানতা ভাত আর ইলিশ মাছ ভাজার পাশাপাশি আরও থাকছে চিংড়ি মাছ, শিম, ডালও টমেটোর ভর্তা, মিষ্টি কুমড়ার ভাজি, চ্যাপা শুঁটকি, লইট্টা মাছের ফ্রাই, বিফ আচারি ও চিকেন ঝাল ফ্রাই।
ডেজার্টে থাকছে পায়েস এবং মিষ্টি দই। আরও থাকছে স্পেশাল ‘কাল বৈশাখী’ ড্রিংক। সবমিলিয়ে খরচ পড়বে ৭৯৯ টাকা। এছাড়াও রেস্তোরাঁর সাজসজ্জায় থাকবে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।
কুটুমবাড়ি
২/১২, ব্লক এফ, লালমাটিয়া।
লালামাটিয়ার কুটুমবাড়ি রেস্তোরাঁতে থাকছে বৈশাখের আয়োজন। রেস্তোরাঁটির ম্যানেজার মিজানুর রহমান সুমন বলেন, “বাঙালি সাজসজ্জার পাশাপাশি খাবারে মধ্যে থাকছে পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুড়িসহ মোট ১০টি নতুন পদ।”
ছবি: তানজিল আহমেদ জনি ও ফেইসবুক।
