‘যাত্রা’
সমকালীন নারী শিল্পীদের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী।
ধানমণ্ডির সাতমসজিদ রোডে ছোট পরিসরে বেশ গোছানো একটি জায়গা গ্যালারি টোয়েন্টি ওয়ান। তবে এই গ্যালারি ঢাকার ছোট গ্যালারি অঙ্গনে বিশেষভাবে পরিচিত। কারণ এর উদ্যোক্তা একজন নারী শিল্পী, শামীম সুব্রানা।
সেই গ্যালারিতেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চলছে নারীদেরই আয়োজনে এক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী যার শিরোনাম ‘যাত্রা’। আই প্রদর্শনীর আয়োজনে সহযোগিয়তা করেছে জনটা ক্লাব এর গ্রেটার ঢাকা আর সার্বিকভাবে তত্ত্বাবধায়নের দায়িত্বে রয়েছে আর্টকন।
এই প্রদর্শনীতে অংশ নিয়েহেন বাংলাদেশের সমকালীন নারী শিল্পীদের মাঝে ৪১ জন। আয়োজকদের ভাষায়, শুধু এই ৪১ জনই নয়, স্থান সংকুলান হলে এই আয়োজনে সামিল হতেন আরও অনেকেই। তবে ৪১ জন শিল্পীদের তৈরি ভাস্কর্য ও চিত্রকর্মে রয়েছে এক সুনির্দিষ্ট বার্তা।
অ্যাক্রেলিক, লিথোগ্রাফ, মিক্সড মিডিয়া, এচিং, মনো প্রিন্ট, পেন-ইংক-চারকোল, অয়েল, পেন্সিল এমনি নানা মাধ্যম ও উপাদানের ব্যবহারে নিজেদের চিন্তাকে মানুষের সামনে হাজির করেছেন শিল্পীরা।
বাংলাদেশের দুই বরেণ্য শিল্পী রফিকুন নবী ও হাসেম খানকে নবীন শিল্পীদের শিল্পযাত্রার অনুপ্রেরণায় অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয় এই আয়োজনের মধ্য দিয়ে। এছাড়া প্রদর্শনী দেখতে বা ঘুরতে গেলে, এই দুই শিল্পীর তিনটি সাম্প্রতিক শিল্পকর্ম দেখার সুযোগও মিলবে।
২৮ মার্চ শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১২ এপ্রিল পর্যন্ত। আর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে সমকালীন নারী শিল্পীদের এই যৌথ শিল্পকর্ম প্রদর্শনী।
গ্যালারি টোয়েন্টি ওয়ানের ঠিকানা: তাজ লিলি গ্রিন (১১ তলা), ৭৫১, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
