২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে রিনা লতিফ

নতুন এই শাখায় রয়েছে নানান রকম পোশাক।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 04:28 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

বাংলাদেশে ‘স্ব’ নামে যদি কোনো ব্র্যান্ড পোশাকঘরের কথা উল্লেখ করতে হয় তবে প্রথম সারিতেই থাকবে রিনা লতিফের নাম। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এই পোশাক নকশাকর একাধারে চিত্রশিল্পী ও অন্দরসজ্জাকর। তাই হয়ত তার পোশাক নকশায় থাকে অন্যরকম আঙ্গিক।

এতদিন তার পোশাক সংগ্রহ করতে হলে যেতে হত গুলশান ২। সত্যি বলতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকা সেসব পোশাক নির্দিষ্ট ক্রেতাসমাজের মাঝেই সীমাবদ্ধ ছিল।

নির্দিষ্টগণ্ডির বেড়াজাল টপকাতেই এবার রিনা লতিফ বনানীতে পসরা সাজিয়েছেন। শুধু তাই নয় সাধারণ ক্রেতা সমাজের হাতের নাগালে পোশাক এনে দিতে মূল্য তালিকাতেও এসেছে পরিবর্তন।

বনানীর ডি ব্লকের ১৫ নম্বর রোডের ৬৩ নম্বর বাড়ির নিচতলায় এই পোশাক নকশাকরের নতুন বিক্রয়কেন্দ্রে রয়েছে বাহারি নকশার পোশাক।  দায়িত্বে থাকা ব্যবস্থাপক বাদল জানান, যেমন রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পোশাক। তেমনি রয়েছে বিশেষ নকশার একটিমাত্র পোশাক, যেটার দামেও রয়েছে বিশেষ মান।

রিনা লতিফের বানানীর এই কেন্দ্রে প্রবেশের পরেই ডানের কক্ষতে রয়েছে ছেলেদের নানান ধরনের পোশাক। বেশিরভাগই পাঞ্জাবি, সেগুলোর দাম শুরু সাড়ে তিন হাজার থেকে।

ছেলেদের অংশে না ঢুকে সামনের বড় কক্ষতে ঢুকলেই এসে যাবেন নারী মহলে। যেখানে রয়েছে সালোয়ার কামিজ আর শাড়ির সমারোহ।

রিনা লতিফের ‘সিগনেচার ওয়ার্ক’য়ের কথা বললেই আসবে মসলিনের পোশাক। তবে এখানে আরও আছে সুতি ও লিলেন কাপড়ের সালোয়ার কামিজ। যা রিনা লতিফের নিজস্ব বুনন নকশায় আলাদা মাধুর্য পেয়েছে।

অন্দরসজ্জায় পারদর্শী হওয়ায় রিনা লতিফের ডিজাইনে থাকে বাহারি নকশার ব্যবহার। রয়েছে জ্যামেতিক ঘরানা থেকে শুরু করে নানান মোটিফের ছোঁয়া। নকশার মাধ্যম হিসেবে যেমন রয়েছে ‘হ্যান্ড পেইন্ট’ তেমনি রয়েছে ব্লক, এমব্রয়ডারি, কারচুপি, ব্লক ও হাতে সুতার কাজ।

ব্লকের সালোয়ার কামিজগুলোর দাম দুই হাজার টাকা থেকে শুরু। আর মসলিনের উপর বিভিন নকশার জামা-পায়জামার সর্বনিম্ন দাম আট হাজার টাকা।

আছে নানান ঘরানার শাড়ি। নকশা ও কাপড় ভেদে দাম নির্ধারণ করা হয়েছে। তাঁতের শাড়ির মূল্য তিন হাজার টাকা থেকে শুরু।

নকল নকশার পোশাক আর একঘেঁয়ে ডিজাইনের জামাকাপড় দেখতে দেখতে যারা ভিন্নতার খোঁজ করছেন তারা অবশ্যই ঢুঁ দিতে পারেন রিনা লতিফের বনানীর নতুন শাখায়।