২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখি আয়োজন ১

রাজভোগ, ছানার ভাপা সন্দেশ, পেঁপে তরমুজের দু’স্তর শরবত এবং টক-ঝাল-মিষ্টি মকটেইল তৈরির পদ্ধতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 05:39 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

এই আয়োজনে রয়েছে রন্ধনশিল্পি তাবাসসুম মুমুর কিছু মিষ্টি আর শরবতের রেসিপি।

নতুন বছর বরণ করুন মজাদার মিষ্টি দিয়ে। আর গরমে ঠাণ্ডা হতে পান করুন সুস্বাদু শরবত, নিন মকটেলের স্বাদ।

রাজভোগ

Image
রাজভোগ

রাজভোগ

উপকরণ: দুধ ১ লিটার। ভিনিগার ৩ টেবিল-চামচ। বেকিং পাউডার ১/৪ চা-চামচ। খাবার রং আধা-১ চা চামচ।

সিরার জন্য: চিনি ১ কাপ। পানি ২ কাপ। এলাচ ২-৩টি।

সিরা তৈরি: চুলায় হাঁড়িতে পানি ফুটিয়ে চিনি আর এলাচ দিয়ে জ্বাল দিন। চিনি গলে পানি ফুটে উঠলে আর আঠালো ভাব হয়ে গেলে নামিয়ে ফেলুন। ঘন করবেন না।

মিষ্টি তৈরি:

চুলায় দুধ জ্বাল দিন। ফুটে উঠলে ভিনিগার যোগ করুন আর নাড়তে থাকুন। দুধ ছানা হয়ে গেলে জ্বাল বন্ধ করে দিন। ছানা থেকে পানি ভালো করে ঝরিয়ে নিন। তারপর ছানা হাত দিয়ে মথে নিন।

ছানায় বেকিং পাউডার মিশিয়ে নরম ডো তৈরি করতে হবে। তিনভাগের একভাগ ছানা আলাদা করে ফেলুন আর তাতে লাল খাবার রং দিন। রং মাখানো ছানা দিয়ে ছোট ছোট বল বানিয়ে ফেলুন।

এবার ছোট বলগুলো সাদা ছানা দিয়ে ঢেকে দিয়ে গোল গোল করে নিন।

এবার মিষ্টিগুলো সিরার মধ্যে দিয়ে ১০-১৫ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন। তারপর এক ঘণ্টা পর্যন্ত সিরায় রেখে দিন। ঠাণ্ডা হলে মাঝখানে কেটে পরিবেশন করুন মজাদার লাল সাদা রাজভোগ।

ছানার ভাপা সন্দেশ

Image
ছানার ভাপা সন্দেশ

ছানার ভাপা সন্দেশ

উপকরণ: দুধ ১ লিটার। ভিনিগার ৩ টেবিল-চামচ। কন্ডেন্সড মিল্ক ২ টেবিল-চামচ। চিনি ৫ টেবিল-চামচ। খাবার রং দিলে আধা চা-চামচ।

পদ্ধতি: দুধ জ্বাল দিয়ে ভিনিগার দিন। দুধ ছানা হয়ে গেলে নামিয়ে পানি ঝরিয়ে নিন। ছানার সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে ভালো করে মথে নিন।

এবার একটি পাত্রে ঘি মাখিয়ে এর উপর ছানা বসান।

চুলায় কড়াই দিয়ে পানি গরম করুন। তারপর স্টিলের কুকার প্লেট বসিয়ে তার উপর ছানা বসানো পাত্রটা দিয়ে কড়াইটা ভালো করে ঢেকে দিন।

২৫ মিনিট জ্বাল দিয়ে ভাপিয়ে নিন। প্রথম পাঁচ মিনিট আঁচ মাঝারি রাখুন। তারপর পানি গরম হলে পরবর্তী ২০ মিনিটের জন্য আঁচ আরও কমিয়ে দিন।

২৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।  তারপর একটা প্লেটে উল্টা করে বসিয়ে ইচ্ছামতো আকারে কেটে পরিবেশন করুন।

পেঁপে-তরমুজের দুস্তর শরবত

Image
পেঁপে-তরমুজের দুস্তর শরবত

পেঁপে-তরমুজের দুস্তর শরবত

উপকরণ: পাকা পেঁপে ও তরমুজ। বরফকুচি। ঠাণ্ডা পানি পরিমাণমতো। চিনি স্বাদমতো।

পদ্ধতি: পাকাপেঁপের সঙ্গে অল্প বরফ কুচি অথবা ঠাণ্ডা পানি ও চিনি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে যেন ঘন ১টি মিশ্রণ হয়। পেঁপের স্বাদের উপর নির্ভর করবে কতটা চিনি দিতে হবে।

পেঁপের ঘন মিশ্রণটি অর্ধেক গ্লাস করে ভরে রাখুন।

এরপর তরমুজের সঙ্গেও অল্প বরফ কুচি অথবা ঠাণ্ডা পানি ও চিনি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। খেয়াল রাখবেন যেন পেঁপের মিশ্রণের চেয়ে একটু বেশি তরল হয়।

এখন চামচের সাহায্যে অল্প অল্প করে তরমুজের মিশ্রণটি পেঁপের মিশ্রণের উপর ঢালতে হবে। একবারে পুরাটা ঢেলে দিলে ২টি লেয়ার মিশে যাবে। তাই চামচ দিয়ে গ্লাসের সবদিক ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশ্রণটি ঢালতে হবে।

এভাবে পরিবেশন করুন পেঁপে-তরমুজের দুস্তর শরবত।

টক-ঝাল-মিষ্টি মকটেইল

Image
টক-ঝাল-মিষ্টি মকটেইল

টক-ঝাল-মিষ্টি মকটেইল

উপকরণ: স্ট্রবেরি, কাঁচাআম ইচ্ছামতো।চিনি স্বাদমতো।লবণ ১ চিমটি। কাঁচামরিচ, যতটুকু ঝাল খেতে পারবেন। ঠাণ্ডাপানি পরিমাণমতো।

পদ্ধতি: স্ট্রবেরি ছোট ছোট টুকরা করে কেটে, হাত দিয়ে কচলে নিতে হবে। স্বাদমতো চিনি ও লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এখন কাঁচাআম স্বাদমতো লবণ, চিনি ও কাঁচামরিচ এবং পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন।

মিশ্রণটি খুব বেশি তরল হবে না। এরপর সার্ভিং গ্লাসে প্রথমে স্ট্রবেরির লেয়ার দিয়ে এর উপর আস্তে আস্তে আমের মিশ্রণ ঢেলে দিতে হবে। তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি মকটেইল।

বৈশাখি আয়োজন ২

বৈশাখি আয়োজন ৩

বৈশাখি আয়োজন ৪