ঢাকা বাইক শো ২০১৫ শুরু
তৃতীয় দিন থাকছে ‘বাইক রেসিং’।
৯ই এপ্রিল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী মোটরসাইকেল প্রদর্শনী ‘ঢাকা বাইক শো ২০১৫’। রাজধানীর বসুন্ধরার জোয়ার সাহারা এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস)।
১১ই এপ্রিল শেষ হতে যাওয়া এই প্রদর্শনী সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।
সেমস বাংলাদেশের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা আবু নোয়েম মোহাম্মদ শরীফ বলেন, “বাংলাদেশে এবারই প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মোটরসাইকেল প্রদর্শনী। দেশের মোটরসাইকেল শিল্পের উন্নয়নই এই প্রদর্শনীর উদ্দেশ্য।”
তিনি আরও জানান, বাংলাদেশসহ মোট ১৪টি দেশের ১০টি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। ৪শ’ স্টল থাকছে প্রদর্শনীতে। প্রচলিত মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি স্টল নিয়েছে নতুন কয়েকটি ব্র্যান্ডও।
সবগুলো স্টলেই থাকছে ক্রেতাদের জন্য বিভিন্ন সুযোগ। আবু নোয়েম জানান, চীনের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হাইজ-ব্লু দিচ্ছে ১৫০সিসি’র একটি মোটরসাইকেল জয়ের সুযোগ। এজন্য তাদের মোটরসাইকেলের সঙ্গে সেলফি তুলে ফেইসবুকে পোস্ট করতে হবে। যার সেলফি সবচাইতে বেশি লাইক পড়বে, তিনিই পাবেন ১৫০সিস’র মোটরসাইকেল।
এছাড়াও লিফানের সকল মোটরসাইকেলে দেওয়া হচ্ছে নগদ পাঁচ হাজার টাকা ছাড়।
মোটরসাইকেলের পাশাপাশি বিভিন্ন খুচরা যন্ত্রাংশ, লুব্রিকেন্টও পাওয়া যাচ্ছে প্রদর্শনীতে।
আবু নোয়েব আরও বলেন, “প্রদর্শনীর দ্বিতীয় দিন মোটরসাইকেল আরোহী ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আর ১১ই এপ্রিল আয়োজন করা হবে মোটরসাইকেল রেসিং ইভেন্ট ‘র্যালি ক্রস’।
গত বুধবার ঢাকার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেমস গ্লোবাল’য়ের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম জানান, আগ্রহী দর্শনার্থীদের জন্য রাজধানীর ফার্মগেট, শাহবাগ, আজিমপুর, কুড়িল ও কাকলীতে বাস থাকবে। ঢাকা বাইক শো ২০১৫’র পৃষ্ঠপোষক নিটোল-নিলয় গ্রুপও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা দিচ্ছে।
নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব বলেন, “যাত্রী পরিবহনের জন্য বনানী ডিওএইচএস, মার্কিন দূতাবাস ও প্রেসক্লাবের সামনে নিটলের ৩০টি টেম্পো থাকবে।”
