কন্টুয়র, হাইলাইটস ও ব্লাশের সঠিক পন্থা
ত্বকে শুধু বেইস মেইকআপ দিলেই চেহারায় নিখুঁত সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব হয় না। সৌন্দর্য আরও আকর্ষণীয় করে তুলতে সঠিকভাবে কন্টোরিং, হাইলাইটিং এবং ব্লাশ ব্যবহার জেনে নেওয়া জরুরি।
মুখের আকার ও গঠন ঠিক করতে কন্টোরিং করতে হয় দক্ষ হাতে। মুখের গড়ন মনের মতো করে নিতে কন্টুয়র করা হয় ব্রোঞ্জার দিয়ে। নাক খাড়া দেখাতে, গালের ফোলাভাব কমাতে ব্রোঞ্জার দিয়ে কন্টুয়র করা হয়। অন্যদিকে মুখের যে অংশগুলো বেশি উজ্জ্বল দেখানো প্রয়োজন সেখানে হাইলাইটার ব্যবহার করা হয়।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে সঠিকভাবে কন্টুয়র করার কিছু কৌশল তুলে ধরা হয়। এখানে ওই বিষয়গুলোই উল্লেখ করা হলো।
সলিব্রিটি মেইকআপ আর্টিস্ট ড্যানিয়েল চিনচিল্লা বলেন, “সেলিব্রেটিদের মেইকআপ আর ক্যামেরার বাইরে মেইকআপের ক্ষেত্রে কন্টুয়র কিছুটা ভিন্ন হয়ে থাকে।”
মুখমণ্ডল নিখুঁতভাবে কন্টুয়র করতে প্রয়োজন হবে ব্রোঞ্জার, হাইলাইটার এবং সঠিক ব্রাশ। প্রথমে মুখের গড়ন ঠিক করতে প্রয়োজন মতো ব্রোঞ্জার ব্যবহার করতে হবে। এরপর ত্বকের বিভিন্ন অংশকে উজ্জ্বল করতে হাইলাইটার ব্যবহার করতে হবে।
চিনচিল্লা জানান, লিকুইড প্রসাধনীর তুলনায় পাউডারজাতীয় প্রসাধনী ব্যবহার করা সহজ। কারণ এতে ব্লেন্ড করার ঝামেলা কিছুটা তাছাড়া পাউডার ব্যবহারে মেইকআপ দেখতে স্বাভাবিক মনে হয়।
চিনচিল্লা বলেন, “মুখে কন্টুয়র করার জন্য ত্বকের রংয়ের চেয়ে দুতিন শেইড গাঢ় রং বেছে নিতে হবে। তাছাড়া বাদামি রংয়ের যেকোনো শেইড ব্যবহার করে কন্টুয়র করা যেতে পারে।
তবে লাল বা কমলা রং এড়িয়ে চলতে হবে কন্টুয়র করার ক্ষেত্রে। কারণ এতে করে মনে হতে পারে, মুখের গঠন ঠিক না করে উল্টো পুরো মুখেই ব্লাশ লাগানো হয়েছে।
মেইকাপ আর্টিস্ট লুইসিনে গ্যালাজান ব্রোঞ্জার ভালোভাবে ব্লেন্ড করার পর হাইলাইটার ব্যবহার করা উচিত। এতে মুখের যে অংশগুলো উজ্জ্বল দেখানো প্রয়োজন সে অংশগুলোতে হাইলাইটার ব্যবহার করে মুখের গড়ন ভালোভাবে বোঝানো যায়।
চিনচিল্লা কন্টোরের ক্ষেত্রে কিছুটা বড় আকারের ব্রাশ ব্যবহার করার পরামর্শ দেন। তিনি মুখে ব্রোঞ্জার ব্যবহারের ক্ষেত্রে অ্যাঙ্গেল্ড কন্টুয়র ব্রাশ বা ব্লাশ ব্রাশ এবং চোখ হাইলাইট করার জন্য চোখে শ্যাডো ব্লেন্ড করার ছোটো ব্রাশ ব্যবহারের পরামর্শ দেন।
কন্টোরিং করার কৌশল
মেইকআপের শুরুতেই পুরো ত্বকে ভালোভাবে ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে। এরপর কনসিলার ব্যবহার করে যেখানে যেখানে দাগ আছে সেই অংশগুলোতে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। শেষে মেইকআপ সেট করে নিতে ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিতে হবে।
কন্টুয়র মুলত নাক, গালের হাড় ও চোয়ালে করা হয়। অনেকে কপালেও কন্টুয়র করতে পছন্দ করেন।
নাক চিকন ও তীক্ষ্ন দেখাতে কন্টুয়র
চিনচিল্লার জানান, নাক খাড়া দেখানোর জন্য নাকের দুইপাশে ছোট মেইকাপ ব্রাশের সাহায্যে হাল্কা করে ব্রোঞ্জার ব্যবহার করতে হবে। এরপর আঙ্গুলের ডগার সাহায্যে সামান্য পরিমাণ হাইলাইটার নিয়ে তা নাকের উপরে লম্বালম্বিভাবে লাগিয়ে নিলেই হবে।
কপাল ছোট দেখাতে কন্টুয়র
কপাল ছোট দেখান জন্য প্রথমে ব্রোঞ্জারের সাহায্যে কপালে চুল বরাবর ব্রোঞ্জার লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর কপালের মাঝ বরাবর খানিকটা হাইলাইটার লাগাতে হবে।
গালে কন্টুয়র
গালের ফোলাভাব কম দেখাতে বা ‘চিকবোন ডিফাইন’ করে নিতে চিকবোনের ঠিক নিচে (কান থেকে ঠোঁট পর্যন্ত মাঝামাঝি জায়গায়) ব্রোঞ্জার লাগিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর গালের উঁচু অংশে পছন্দমতো ব্লাশ লাগিয়ে নিতে হবে। শেষে হাইলাইটার ব্যবহার করলেই হবে। তবে লক্ষ রাখতে হবে যেন ব্রোঞ্জার, ব্লাশ ও হাইলাইটার একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড হয়।
থুতনি চোখা দেখাতে কন্টুয়র
থুতনি চোখা দেখাতে এবং ‘ডাবল চিন’-এর সমস্যা মেইকআপ দিয়ে ঢেকে রাখতে কানের নিচের চোয়াল থেকে থুতনি পর্যন্ত ব্রোঞ্জার লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এতে ‘ডাবল চিন’-এর সমস্যা কিছুটা কম বোঝা যাবে।
পুরো মুখে ব্রোঞ্জার, হাইলাইটার ও ব্লাশ ব্যবহারের শেষে একটি বড় ব্রাশের সাহায্যে পুরো মুখে সেটিং পাউডার দিয়ে ভালোভাবে মেইকআপ ব্লেন্ড করে নেওয়ার পরামর্শ দেন চিনচিল্লা। এতে মেইকআপ দীর্ঘস্থায়ী হবে ও দেখতে স্বাভাবিক দেখাবে।
