একুশে ফেব্রুয়ারির লিফলেট
ভাষা আন্দোলনের সময় লিফলেট ছাপাতে সহযোগিতা করেছিল ক্যাপিটাল প্রেস।
‘বায়ান্নর ভাষার লড়াই’ প্রবন্ধে হাসান হাফিজুর রহমান ২১শে ফেব্রুয়ারি গুলিবর্ষণের পরের বিষয়ে লেখেন, '‘আমরা তিনজন মধুর ক্যান্টিনে ফিরে আসি এবং জেলখানার উল্টোদিকে ক্যাপিটাল প্রেসে যাই। সেখানে বসে একটা লিফলেট লিখে ফেলি। সেখানে ঘণ্টা দু তিনেকের মধ্যে প্রুফ দেখে লিফলেটটি ছাপিয়ে আনি। প্রেসটি সেদিন আমাদের সর্বাত্বক সহযোগিতা করেছিল।…লিফলেট প্রায় ২-৩ হাজার ছিল।”
পুরান ঢাকার ৫০-৫১ বেগম বাজার রোডের ক্যাপিটাল প্রেস, একেবারে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ইতিহাসের সঙ্গী হয়ে এখনও দাঁড়িয়ে আছে।
এখন একটি তিনতলা দালানে অবস্থান হলেও ১৯৫২ সালে টিন শেইডে ছিল এই প্রেস। স্মৃতি হাতড়ে জানান খান আলি ইমাম। তারই বাবা মৃত ইব্রাহিম খলিল খান প্রতিষ্ঠা করেছিলেন এই ছাপাখানা, সেই ১৯৪৮ সালে।
দেশ ভাগের পর ৪৭ সালেই বাংলাদেশে থিতু হয়েছিলেন ইব্রাহিম খলিল খান, যার পরিবারিক ব্যবসা ছিল কলকাতার ৪৯ বি, বৈঠকখানা রোডে। এই দেশে এসে তিনি প্রথম দিকেই জড়িয়ে যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে।
ক্যাপিটাল প্রেস প্রতিষ্ঠার পর থেকেই লেখক ও কবিদের একটা আড্ডা প্রায় সন্ধ্যায় হত। আর এই আড্ডায় নাকি নিয়মিতই আসা যাওয়া ছিল ফয়েজ আহমেদ, হাসান হাফিজুর রহমানদের।
এদের আবার বেশ কিছু বইও ছাপা হয়েছে এই প্রেস থেকেই।
খান আলি ইমাম একান্ত এক সাক্ষাৎকারে জানান, তারই এক চাচা যিনি ছিলেন প্রেসের ম্যানেজার, তার কাছ থেকে শুনেছেন ৫২ সালের ২১শে ফেব্রুয়ারির সন্ধ্যায় লিফলেট ছাপানোর গল্প।
লিফলেট ছাপানোর পরই কর্মচারিরা টের পান আশপাশে পুলিশের আনাগোনা। পরে পুলিশ তল্লাশি চালিয়েছিল প্রেসে। তখন ছাপাখানায় ব্যবহৃত প্রযুক্তি ছিল মৌলিক ঘরানার আর ‘ফর্মা’ সরিয়ে ফেলার কারণেই পুলিশের জোর সন্দেহ ও তল্লাশির পরও কিছুই উদ্ধার করতে পারেনি।
খান আলি ইমাম বেশ আক্ষেপের সঙ্গেই বলেন, বয়স কম থাকার কারণে আর তীব্র পাকিস্তান বিরোধী মনোভাব নিজেদের প্রেসে ২১শের প্রথম লিফলেট ছাপানোর বিষয়টি নিজেরাই অতটা বড় কোনো বিষয় মনে করেননি। তখনও বুঝতে পারেননি এইভাবে বাঙালির নিখাঁদ এক গর্বের জায়গার সন্ধিক্ষণে ঘটে যাওয়া ঘটনাটি ইতিহাস থেকেই এইভাবে ‘হারিয়ে’ যাবে।
কোনো রকম স্বীকৃতি নিয়ে কখনও ভাবেননি এরা। তারপরও কেউ একবারের মতো খোঁজও নিতে আসেননি এই ব্যাপারটি খানিকটা পীড়াদায়ক— খান আলি ইমামের অভিব্যক্তিতে সেটা বেশ ভালোভাবেই ফুটে উঠতে দেখা গেল।
কিছু ক্ষোভের সঙ্গেই যোগ করেন, “পারিবারিক কারণে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিভিন্ন নির্বাচনের আগে রাজনৈতিক লিফলেট বা পোস্টার অনেকেই সাশ্রয়ী মূল্যে ছাপিয়ে নিয়ে যায়। তবে কখনও এই প্রেসের সেই ইতিহাসের ব্যাপারে কারও কোনও আগ্রহ দেখিনা।”
ইউনেস্কো ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দেয়। সেই থেকেই বাঙালির জাতির একক গর্বের বিষয়টি চলে আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
আর এই গর্বের বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, যা সময়ের সঙ্গে মহাসমুদ্র্রে রূপ নিয়ে জন্ম নেয় এই বাংলাদেশ।
আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে তৈরি ‘দ্য শ্যান্ডলার অ্যান্ড প্রাইস’ প্রতিষ্ঠানের ছাপার মেশিনটি এখনও রয়েছে ক্যাপিটাল প্রেসে কালের সাক্ষী হয়ে।
আর একবার প্রেসের সংস্কার করার সময় হারিয়ে যায় ইতিহাসের সাক্ষী সেই লিফলেটটিও।
ছবি: হাসান বিপুল।
