কোড ইট, গার্ল'য়ের প্রথম কর্মশালা
শেষ হল তাদের প্রথম ইভেন্ট।
২৩টি স্কুল ও কলেজ থেকে মোট ৪৩জন মেয়ে কর্মশালায় অংশগ্রহণ করেছে। এই ওয়ার্কশপ ছিল আট ঘণ্টার এবং ওয়ার্কশপে শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার করে হাতে-কলমে প্রোগ্রামিং করেন। কর্মশালার বেশিরভাগ সময়ই তারা কাটায় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে নানান রকমের প্রোগ্রামিং করে। এছাড়া সার্চ ইঞ্জিনের ব্যবহার ও লিনাক্সের ব্যবহার সম্পর্কে তারা ধারণা লাভ করে এবং আওয়ার অব কোড’য়ে অংশ নেয়।
কর্মশালাটি পরিচালনা করেন দ্বিমিক কম্পিউটিং-এর তামিম শাহরিয়ার সুবিন এবং তাহমিদ রাফি। তাদের সঙ্গে আরও ছিলেন সফটওয়্যার প্রকৌশলী আশিকুর রহমান মুশফিক এবং রাশিদুল হাসান সৈকত।
এই কর্মশালা স্পন্সর করেছে হাফিযা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট। ভেন্যু পার্টনার হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। ইন্সপিরেশন পার্টনার ছিল কিশোর আলো। পার্টনার হিসাবে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আর ওয়ার্কশপের পরিকল্পনা ও সকল প্রকার একাডেমিক সহযোগিতায় ছিল দ্বিমিক কম্পিউটিং।
সন্ধ্যায় ওয়ার্কশপয়ের সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তৌহিদ ভুঁইয়া, ভ্যানটেজ ল্যাবস-এর ডেভেলপমেন্ট ম্যানেজার মোজাম্মেল হক, Code it, girl-এর মেনটর এবং দ্বিমিক কম্পিউটিং এর সহপ্রতিষ্ঠাতা তামিম শাহরিয়ার সুবিন, স্পন্সর হাফিযা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট-এর পক্ষ থেকে ফেরদৌস বাপ্পি এবং আরও অনেকে। আর Code it, girl আয়োজকদের পক্ষ থেকে কথা বলেন এর প্রতিষ্ঠাতা আফরীন হোসেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল অনুষ্ঠানে আসতে না পারলেও ফোন করে অংশগ্রহণকরীদের উদ্দেশ্যে কথা বলেন এবং এই উদ্যোগ এর সঙ্গে নিজের একাত্মতা প্রকাশ করেন। সমাপনী পর্বে আয়োজকরা দেশে ও বিদেশে বড় বড় সফটওয়্যার প্রতিষ্ঠানে কর্মরত সফল নারীদের নিয়ে একটি প্রেজেন্টেশান প্রদর্শন করে, যেটা অংশগ্রহণকারীদের প্রোগ্রামিং শিখতে আরও উৎসাহিত করেছে।
Code it, girl! একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান, এর উদ্যোক্তারা দেশে-বিদেশে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে কর্মরত। আয়োজকরা হলেন আফরীন হোসেন, মিরফাত শারমিন, রিজভী বিন ইসলাম, মোশ্তাক আহমেদ ম্যাক, তাপস পাল, আশিকুর রহমান মুশফিক, শুভ্র সরকার, রাশিদুল হাসান সৈকত, ওয়াজদা আখতার এবং নাদিয়া রাহমান বৃষ্টি। আয়োজকরা সবাই এক সময় ওয়ালট ডিজনির অংশ, প্লেডম বাংলাদেশ প্রাইভেট লিমিটেডে গেম ডেভেলপমেন্টের কাজ করতেন।
Code it, girl! এর চেষ্টা থাকবে অনলাইন গ্রুপ এর মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন টিউটোরিয়াল, ব্লগ, বই, তথ্য এবং প্রশ্নের উত্তর দিয়ে মেয়েদের কে নিজে নিজে প্রোগ্রামিং শিখতে সাহায্য করা। গ্রুপের সদস্যদের মধ্যে আছেন বেশ কিছু দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা এই কাজে সাহায্য করবেন। আর সুযোগ পেলে এরকম কিছু ওয়ার্কশপের আয়োজন করারও ইচ্ছা আছে এই প্রতিষ্ঠানের।
উদ্যোক্তারা আশা করেন ধীরে ধীরে মেয়েরা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে আরও বেশি উৎসাহিত হবেন তাদের এই প্রচেষ্টার মাধ্যমে।
ফেসবুক গ্রুপের লিঙ্ক: https://www.facebook.com/groups/292738210923130/
পেইজের লিঙ্ক: https://www.facebook.com/codeitgirl
